তারুণ্যে ভরসা ডি ক্রুইফের
অনুশীলনের জন্য মেলেনি পর্যাপ্ত সময়। সব ফুটবলারকে পাওয়া যায়নি ঠিক সময়ে। এসবেরই কুফল কি না, ভারতগামী জাতীয় ফুটবল দল কাল মোহামেডানের কাছে প্রস্তুতি ম্যাচে হেরেছে (১-০)!
তবে সংবাদ সম্মেলনে এসে আত্মবিশ্বাসী কথাবার্তাই বললেন কোচ লোডভিক ডি ক্রুইফ। আজ দুপুরে ফুটবল দলের এয়ারলাইনস স্পনসর জেট এয়ারওয়েজে গোয়া রওনা দেওয়ার আগে তাঁর প্রত্যয়ী উচ্চারণ, ‘ভারতের সঙ্গে জিততে চাই।’
গত সাফে গ্রুপ পর্বে ভারতকে হারানোর সুযোগ এসেছিল। জেতা ম্যাচ ড্র। তবে এবার জিতেই ফিরতে চান অধিনায়ক মামুনুল ইসলাম, ‘সম্প্রতি আমরা (শেখ জামাল দল) কলকাতায় আইএফএ শিল্ডে খুব ভালো খেলায় নিশ্চয়ই ওরা আমাদের নিয়ে ভাববে। আশা করি, ভারতকে হারাব আমরা।’
২৮ জন থেকে গতকাল জাতীয় দল নামিয়ে আনা হয়েছে ২১ জনে। একেবারেই নতুন চারজন—অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মোহামেডানের মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট, ব্রাদার্সের ফরোয়ার্ড রুবেল মিয়া, বিজেএমসি আমিনুর রহমান ও শেখ জামালের ডিফেন্ডার দিদারুল হক।
ভারতের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচটা ৫ মার্চ (গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি দেখাবে টেন স্পোর্টস)।
বাংলাদেশ দল: বিপ্লব, সোহেল, হিমেল, রায়হান, লিঙ্কন, তপু, নাসির, ইয়াসিন, মিশু, ইয়ামিন, রুবেল, মামুনুল, সোহেল, তকলিচ, এমিলি, জামাল, আমিনুর, মিঠুন, দিদারুল, হেমন্ত, তৌহিদুল।