তারুণ্যে ভরসা স্কলারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারুণ্যের শক্তিতে দুঃসময়কে পেছনে ফেলতে চান লুইস ফেলিপে স্কলারি। কনফেডারেশনস কাপের ব্রাজিল দল দেখে চোখ ছানাবড়া অনেকেরই। রোনালদিনহো-কাকাকে না রাখা, আনকোরা বার্নার্ডকে রাখায় সমালোচনার ঝড়ও শুরু হয়ে গেছে। সবার জন্য স্কলারির জবাব, ‘অভিজ্ঞতায় হয়তো আমরা পিছিয়ে আছি, তবে সেটুকু পুষিয়ে দিতে চাই তারুণ্যের উদ্দীপনায়।’দল ঘোষণার সময়ই স্কলারি বলেছেন, কনফেডারেশনস কাপের দল সাজানো হয়েছে আগামী বছরের বিশ্বকাপ মাথায় রেখে। নিজ দেশের মাটিতে রোনালদিনহো-কাকার বিশ্বকাপ খেলার স্বপ্ন তাই একরকম ফিকে হয়ে গেল। স্বপ্নটা জাগ্রতও হয়েছিল স্কলারির সৌজন্যে। তবে প্রত্যাশার প্রতিদান সেভাবে দিতে পারেননি দুজনের কেউই। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন রোনালদিনহো, পারফরম্যান্স এতটাই বাজে ছিল যে মাঝ বিরতিতেই তাঁকে তুলে নেন কোচ। চিলির বিপক্ষে ২-২ ড্র ম্যাচেও বাজে খেলেছেন। ইতালি ও রাশিয়ার বিপক্ষে ম্যাচে কাকার পারফরম্যান্সও ছিল হতাশাজনক।

তবে অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে দুর্দান্ত খেলছিলেন রোনালদিনহো। ধারণা করা হচ্ছিল, ক্লাব ফুটবলের ফর্মেই কনফেডারেশনস কাপের দলে জায়গা পেয়ে যাবেন দুবারের ফিফা বর্ষসেরা। তবে স্কলারির ব্যাখ্যায় পরিষ্কার, কোচের মন জয় করতে পারেননি ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড, ‘কোনো ফুটবলারের স্কোয়াডে না থাকা মানে, তাকে নিয়ে আমার সংশয় আছে। স্কোয়াডে থাকা মানে, সংশয় নেই! আমি যখন দল গড়ি, তখন বিশ্লেষণ করি কোন ফুটবলারকে কীভাবে কাজে লাগাতে পারব, কোন ফুটবলারকে পারব না। এরপর দল সাজাই।’

ব্রাজিলে এখনো দারুণ জনপ্রিয় রোনালদিনহো। সমর্থকদের তাই এই বাদ পড়া ভালোভাবে নেওয়ার কথা নয়। তবে কোচিংয়ের দীর্ঘ পথচলায় অভিজ্ঞতার ভাঁড়ারটা অনেক সমৃদ্ধ বলেই ‘বিগ ফিল’ ভয় পাননি ঝুঁকি নিতে, ‘আমরা যদি ভালো করতে না পারি, তাহলে যাকেই দলে নিই না কেন, আমাদের ওপর মুগুর নেমে আসবেই।’

প্রশ্ন উঠেছে নেইমারকে নিয়েও। সান্তোসের হয়ে কিছুদিন ধরে ঠিক চেনা যাচ্ছে না তরুণ ফরোয়ার্ডকে। স্কলারি কিন্তু নেইমারের ফর্মে খুশিই, ‘নেইমার তো ভালো খেলছে। আমি জানি, কেউ কেউ আমার সঙ্গে একমত হবে না। কিন্তু আমাদের দৃষ্টিতে সে ভালো খেলছে। আমরা যা প্রত্যাশা করি, তেমনই খেলছে।’ রোনালদিনহোর ক্লাব সতীর্থ, মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফরোয়ার্ড বার্নার্ডকে দলে নেওয়ায় যুক্তি, ‘ও দারুণ প্রতিভাবান।’

দল নিয়ে এত প্রশ্ন ওঠাটাও ঠিক পছন্দ হচ্ছে না স্কলারির। জানালেন, দলের যাঁকে প্রয়োজন, তাঁকেই তিনি সব সময় বেছে নেন, ‘নানা সময়ই এক-ওকে দলে নেওয়ার জন্য আমাদের সমালোচনা শুনতে হয়। পর্তুগালের কোচ থাকার সময় কস্তিনহাকে দলে নেওয়ায় অনেকবার আমার সমালোচনা হয়েছে। অথচ একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছে যা চাই, কস্তিনহা আমাকে সবই দিয়েছে। এখানেও আমি একই মানদণ্ড গ্রহণ করেছি—দলের জন্য একজন ফুটবলার কতটা গুরুত্বপূর্ণ।’

তবে কাকা-রোনালদিনহোদের বিশ্বকাপ-স্বপ্ন একেবারেই শেষ হয়ে যায়নি। আশা জিইয়ে থাকছে কোচের শেষ কথাটায়, ‘অভিজ্ঞদের জন্য এটাই সবকিছুর শেষ নয়। এটা কেবলই কনফেডারেশনস কাপ, বিশ্বকাপের আগে আরও অনেকেই যোগ হতে পারে। যারা বাদ পড়েছে, সবার উদ্দেশে বলছি, যে যেখানে খেলছ, নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে জাতীয় দলে আসার দাবি জানাও।’ রয়টার্স, ওয়েবসাইট।