তারুণ্যে মুগ্ধ সাকিব-তামিম
নখ কামড়ানো, চুল ছেঁড়া কিছু মুহূর্তের পর আনন্দের ফল্গুধারা বইয়ে দেওয়া সেই মুহূর্ত। দুই হাত দুই দিকে ছড়িয়ে মাঠে ছুটে গেলেন তামিম ইকবাল, সঙ্গে উন্মাতাল সতীর্থরা। ভিক্টোরিয়া গভর্নিং বডির চেয়ারম্যান লুৎফর রহমান বাদল কাঁদছিলেন প্রায় হাউমাউ করে। ক্রিকেটাররা সব কর্মকর্তাদের আলিঙ্গনে। সাকিব আল হাসানের আবেগে অবশ্য বরাবরের মতোই বাঁধ দেওয়া, উল্লাসটাও যেন পরিমিত।২০০৪-০৫ মৌসুমে পথচলা শুরু ভিক্টোরিয়ার হয়ে। ঢাকার শীর্ষ লিগে প্রথম শিরোপার স্বাদ পেলেন সেই ক্লাবের হয়েই। কদিন আগেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে পেয়েছেন আইপিএল শিরোপার স্বাদ। তবে সাকিবের প্রতিক্রিয়ায় যথারীতি চরিত্রের প্রকাশ, ‘ভালো লাগছে, প্রথম কিছুর অভিজ্ঞতা ভালোই তো হওয়ার কথা। তবে আইপিএল আর এটা দুটো আলাদা অভিজ্ঞতা, একটার সঙ্গে আরেকটার তুলনা করা ঠিক হবে না। ভাগ্যটা ভালো যাচ্ছে আমার!’ লিগের সর্বোচ্চ উইকেট সাকিবের (২৯), তবে শিরোপা নির্ধারণী ম্যাচটায় তাঁর নিজের ভূমিকা ছিল সামান্যই। ভিক্টোরিয়া অধিনায়ক কৃতজ্ঞতা জানালেন দলের একঝাঁক উঠতি ক্রিকেটারের প্রতি ‘সাব্বির-সৈকত-শরিফুল্লাহ-সৌম্যরা অনেক পরিণত ব্যাটিং করেছে। আসলে আজকে আমাদের যারা জিতিয়েছে, ওরা কেউ তেমন পরিচিত নাম নয়। এটাই প্রমাণ করে যে আমাদের ক্রিকেট এগিয়ে যাচ্ছে।’ম্যাচ জয়ে অবদান রেখেছেন, মুখে শিরোপা জয়ের হাসি। কাল তামিম জিতেছেন ভবিষ্যৎ বক্তা হিসেবেও, ‘কালকের টিম টিমিংয়েই আমি বলেছিলাম, আজকের ম্যান অব দ্য ম্যাচ হবে সৈকত আলী। কেন বলেছিলাম জানি না, স্রেফ ভেতর থেকে বের হয়েছিল। দারুণ পরিণত এক ইনিংস খেলেছে ও।’ তারুণ্যের জয়গান তামিমের কণ্ঠেও, ‘আমরা সুপার লিগ খেলেছি মাত্র একজন বিদেশি ক্রিকেটার নিয়ে, এটাই প্রমাণ করে আমাদের দেশের ক্রিকেটারদের সামর্থ্য কতটা। আমাদের সব প্রতিপক্ষ দলেই দুই-তিনজন বিদেশি ছিল। একজনকে নিয়েই খেলে শিরোপা জয় প্রমাণ করে,নিজেদের ওপর ভরসা রাখলে আমরা যেকোনো দলকে হারিয়ে দিতে পারি।’লিগের প্রায় পুরোটা শীর্ষে থেকেও সব ওলটপালট হয়ে গেল শেষ দুই ম্যাচে। ওল্ড ডিওএইচএস শিবিরের হতাশাটা অনুমেয়ই। শেষ দিনে হারের হতাশাটাই বেশি বাজছে খালেদ মাহমুদের। ঘাটতি খুঁজে পেয়েছেন অনেক জায়গায়, অনুভব করেছেন নিয়মিত অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের অভাবটাও, ‘ব্যাটিংয়ে শুরুতে দুটো রানআউট, বোলিংয়ে শুরুতে ব্রেক থ্রু পাইনি, ফিল্ডিং ভালো হয়নি, ক্যাপ্টেন্সিতেও (ফয়সাল হোসেন) ঘাটতি ছিল আজ।’