তারুণ্যে রোমাঞ্চিত ক্লার্ক
১৯৯৭ সালে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে চোট পাওয়া পেসার জাভাগাল শ্রীনাথের জায়গায় পাঠানো হয়েছিল অফ স্পিনার নোয়েল ডেভিডকে। শোনা যায়, সেই সময়ের অধিনায়ক শচীন টেন্ডুলকার নাকি বলেছিলেন, ‘নোয়েল হু?’ মাইকেল ক্লার্ক এমন কিছু বলেননি। তবে অস্ট্রেলিয়া অধিনায়ক স্বীকার করেছেন, শ্রীলঙ্কা সফরের দলে থাকা অফ স্পিনার নাথান লিওনকে এখনো দেখেননি তিনি। টেস্ট দলে থাকা দুই আনকোরা তরুণ ট্রেন্ট কোপল্যান্ড ও জেমস প্যাটিসন সম্পর্কেও ধারণা খুব কম।সংশয় আছে, তবে তার চেয়ে অপ্রত্যাশিত কিছু পাওয়ার রোমাঞ্চটাই বেশি ক্লার্কের কাছে। রিকি পন্টিংকে নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে অস্ট্রেলিয়া ছাড়ার আগে বলেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেটের নতুন যুগের দিশারি হতে পারেন এই তরুণেরাই।শেন ওয়ার্নের উত্তরসূরি খোঁজার প্রয়াসে অস্ট্রেলিয়ার ১২ নম্বর সংযোজন এই লিওন। মাত্র চারটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা ২৩ বছর বয়সী অফ স্পিনারকে নিয়ে অনেকটা অন্ধকারে ক্লার্কও, ‘নাথান লিওন সম্পর্কে খুব বেশি ধারণা নেই। তবে জানি, ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে সফরে দারুণ করেছে ও, ওর সম্পর্কে অনেকের কাছ থেকেই ইতিবাচক অনেক কিছু শুনেছিও। আশা করি, শ্রীলঙ্কার স্পিনিং কন্ডিশনে ও ভালো করবে। সত্যি বলতে, দলে কিছু নতুন মুখ থাকাটা আমাকে আরও রোমাঞ্চিত করছে। আশা করি, সুযোগটা ওরা লুফে নেবে।’একসময়ের অবিসংবাদিত সেরা দল এখন টেস্ট র্যাঙ্কিংয়ের পাঁচে। ক্লার্কের আশা, ধীরে ধীরে আবার শীর্ষে উঠবে তাঁর দল, ‘সত্যি বলতে, র্যাঙ্কিং-শীর্ষে উঠতে আমাদের আরও সময় লাগবে। তবে শুধু জাতীয় দলে নয়, ঘরোয়া ক্রিকেটেও যে ধরনের প্রতিভা আমাদের আছে এবং গত দুই মাস যেভাবে আমরা পরিশ্রম করেছি, এভাবে চলতে থাকলে আমার বিশ্বাস, আবার সাফল্য ধরা দেবে।’অস্ট্রেলিয়ার টেস্ট দলে শ্রীলঙ্কায় খেলার অভিজ্ঞতা আছে একমাত্র রিকি পন্টিংয়ের। ২০০৪ সালে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার সর্বশেষ সিরিজে পন্টিংয়ের নেতৃত্বেই স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া। সাবেক অধিনায়ক জানিয়েছেন, ক্লার্ককে সাহায্য করতে প্রয়োজনে অভিজ্ঞতার ভাঁড়ার খুলে দেবেন, ‘শ্রীলঙ্কায় টেস্ট খেলা এই দলের একমাত্র ক্রিকেটার আমি, ক্লার্ক যখন যেভাবে চাইবে, সব ধরনের সহযোগিতা করতে আমি প্রস্তুত। উপমহাদেশে গেলে একটা কথা সবাইকে মনে রাখতে হবে, উইকেট নিয়ে চিন্তাটা মাথায় বেশি ঢুকতে দেওয়া যাবে না। এর আগেও উইকেট নিয়ে মাথা বেশি ঘামিয়ে আমরা নিজেদের কাজটা বেশি কঠিন করে ফেলেছি। এবার তা করা যাবে না।’ ওয়েবসাইট।শ্রীলঙ্কায় দুটি টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডের পর তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু ৩১ আগস্ট। আগামীকাল প্রথম টি-টোয়েন্টি।