তারুণ্যেই আস্থা প্রানদেল্লির
বিশ্বকাপে চরম ব্যর্থতাকে পেছনে ফেলে এগিয়ে যেতে চায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। নতুন কোচ সিজার প্রানদেল্লি নিজের প্রথম অ্যাসাইনমেন্টের আগে এমন কথাই বলেছেন। দুই দিনের মধ্যেই যে আইভরিকোস্টের বিপক্ষে তাঁর প্রথম পরীক্ষা।সাবেক ফিওরেন্টিনা কোচ প্রানদেল্লির নাম মার্সেলো লিপ্পির উত্তরসূরি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল বিশ্বকাপ শুরুর আগেই। বিশ্বকাপে ইতালির চরম ব্যর্থতা লিপ্পির বিদায়টাই কেবল সুখকর হতে দেয়নি। দায়িত্ব নিয়েই প্রানদেল্লি তারুণ্যের ওপরই ভরসা করছেন। আইভরিকোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচে বিশ্বকাপের ব্যর্থ দলের মাত্র নয়জনকেই রেখেছেন ৫২ বছর বয়সী এই কোচ। তিনি জানিয়ে দিয়েছেন, ইতালির ফুটবলের নতুন দিনের সূচনার ‘ব্যাটন’টি যে তাঁরই হাতে। ‘তারুণ্যেই ভরসা করতে হবে এখন। মারিও বালাতোল্লির মতো তরুণ উদীয়মান তারকাদের গড়ে উঠতে সময় দিতে হবে। ব্যাপারটি কঠিন সন্দেহ নেই। তবে কঠিন বলে সেটা থেকে দূরে থাকা যাবে না।’ বলছিলেন প্রানদেল্লি। তিনি আরও বলেন, ইতালি দলের ভেতরের পরিবেশকে সহজ করে তুলতে হবে।প্রানদেল্লি দলের তরুণ খেলোয়াড়দের উদ্দেশে বলেছেন, ‘তরুণেরা সব সময়ই তাদের পাশে পাবে আমাকে।’ প্রানদেল্লি বলেন, ‘অতীতে ইতালি দলে একটা সমস্যা ছিল। ধরুন, কোনো তরুণ খেলোয়াড়ের প্রতিভা রয়েছে কিন্তু সেটা দেখানোর জন্য সে উদগ্রীব হয়ে আছে। সে ক্ষেত্রে তাকে তার ব্যক্তিগত প্রতিভা দেখাতে উত্সাহিত করা হতো না। আমি সেই রেওয়াজটি ভেঙে দিতে চাই। তরুণেরা দলীয় কৌশলের ভেতরে থেকে যত ইচ্ছা ব্যক্তিগত প্রতিভা প্রয়োগ করতে পারবে।’প্রাণদেল্লি আইভরিকোস্টের বিপক্ষে এক নতুন ইতালীয় দলই উপহার দিতে যাচ্ছেন। তিনি মনে করেন, ‘বিশ্বকাপের ব্যর্থতাকে পেছনে ফেলে দলের বর্তমান অবস্থা এখন চমত্কার। সবাই হাসছে। আমি খেলোয়াড়দের মুখে হাসিটিই দেখতে চাই। খেলোয়াড়েরা হাসতে থাকলে আমার অনেক কাজই সহজ হয়ে যায়।’ ফিফা ডট কম।