তারুণ্যেই ভরসা জোয়াকিম লোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির ৭৬ বছরের ফুটবল ইতিহাসে সবচেয়ে তরুণ দল নিয়ে বিশ্বকাপের আসরে অংশ নিয়েছিলেন জার্মান কোচ জোয়াকিম লো। পোডলস্কি, মুলার, ওজিল, টনি ক্রুজরা তাঁর সেই আস্থার প্রতিদানও দিয়েছিলেন বেশ ভালোভাবেই। এই তরুণদের অসাধারণ পারফরমেন্সের ওপর ভর করেই সাফল্যের সঙ্গে তৃতীয় স্থান নিয়ে বিশ্বকাপ শেষ করেছে জার্মানি। এবার ইউরো কাপের আসরেও সেই তারুণ্যের জয়গানই গাইতে চান জোয়াকিম লো। সেই লক্ষ্যেই ১৭ নভেম্বর সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তিনি দলে অন্তর্ভুক্ত করেছেন আরো পাঁচ তরুণ ফুটবলারকে। এবারের মৌসুমে জার্মান লিগে ভালো পারফরমেন্স দেখিয়ে জেয়াকিম লোর নজর কেড়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের মারিও গোয়েটজ, মাটস হামেল ও কেভিন গ্রসক্রেউটজ আর মেইঞ্জের আন্দ্রে শ্চুরেল ও লুইস হল্টবি। জার্মান লিগের পাওয়ারহাউজখ্যাত বায়ার্ন মিউনিখ, শালকে ০৪, ওয়ের্ডার ব্রেমেনের অবস্থান যখন পয়েন্ট তালিকায় ৮-এরও নিচে, তখন এই তরুণদের কাঁধে সওয়ার হয়েই বুন্দেসলিগার শীর্ষে আছে বরুশিয়া ডর্টমুন্ড। দ্বিতীয় স্থানে আছে মেইঞ্জ।শুধু ঘরোয়া ফুটবলেই নয়, আন্তর্জাতিক ফুটবলের অঙ্গনেও এই তরুণ ফুটবলাররা ভালো খেলবে বলে মনে করেন লো। তিনি বলেছেন, ‘প্রথাগত ধারণা হলো, দুই বা তিন বছর খেলার পরই কেবল কেউ জাতীয় দলে ডাক পাওয়ার যোগ্যতা অর্জন করে। কিন্তু আমার কাছে এগুলোর কোন মূল্য নেই। যোগ্যতা প্রমাণ করতে পারলে এক সপ্তাহ খেলার পরও কেউ জাতীয় দলে সুযোগ পেতে পারে। আর বয়সটাকেও আমি খুব বড় করে দেখি না। এই মৌসুমে এই খেলোয়াড়েরা বেশ ভালো খেলেছে। আমি আশাবাদী যে তারা আন্তর্জাতিক ফুটবলেও ভালো খেলবে।’ রয়টার্স