তারুণ্যেই ভরসা ভারতের
কটকে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই খবরটা পেয়ে গেছেন রবিচন্দ্রন অশ্বিন। আগামী মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিলীপ সরদেশাই ট্রফিটা পাচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেরা টেস্ট ক্রিকেটারের আনুষ্ঠানিক স্বীকৃতি!তামিলনাড়ুর এই স্পিনার এতে আরও উজ্জীবিত হতেই পারেন। নতুন আরেকটি সিরিজে ভারতের বড় ভরসাও তিনি। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি নেই আজ শুরু পাঁচ ওয়ানডের সিরিজে। নেতৃত্বে বীরেন্দর শেবাগ। অশ্বিনের পাশে বিরাট কোহলি, রোহিত শর্মারাও শেবাগের বড় শক্তি।তারুণ্যের শক্তিতে ভারত যদি আত্মবিশ্বাসী হতে পারে, সেটি ওয়েস্ট ইন্ডিজেরও কম হওয়ার কথা নয়। কলকাতা এবং মুম্বাই টেস্টে ইনিংসে ৪৬৩ ও ৫৯০ রান করেছিল উইন্ডিজ। দুই টেস্টে সেঞ্চুরি করে আন্তর্জাতিক মঞ্চে আবির্ভাব ঘোষণা করেছেন ড্যারেন ব্রাভো। তবু দলে উন্নতির জায়গা দেখছেন অধিনায়ক ড্যারেন স্যামি, ‘দল হিসেবে আমরা উন্নতি করেছি কিন্তু আরও ধারাবাহিক হতে হবে আমাদের।’ সিরিজের পরের চারটি ওয়ানডে হবে ২, ৫, ৮ ও ১১ ডিসেম্বর। ওয়েবসাইট।