তারুণ্যেও সাহসী শ্রীলঙ্কা
গত বছরের এই জানুয়ারিতেই ঘটেছিল ঘটনাটা। চালকের ভুলে হোটেল থেকে বেরোতে গিয়ে রোড ডিভাইডারের সঙ্গে আটকে গেল শ্রীলঙ্কা দলের বাস। মাহেলা জয়াবর্ধনের দল তাতে যেন খুশিই হলো! সাধারণ যাত্রীদের সঙ্গে ডাবল ডেকারে চড়ে ফুর্তি করতে করতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গেল দলটা। শ্রীলঙ্কা এই জানুয়ারিতেও ঢাকায়। কিন্তু জয়াবর্ধনের দলের সেই আমুদে ভাবটা নেই কুমার সাঙ্গাকারার এই দলের মধ্যে! এবার পথে বাস বদলাতে হলে কী হবে কে জানে, তবে শ্রীলঙ্কা দলকে বহন করা বাসটা রাস্তায় একটু জ্যামে পড়লেই নাকি অস্থির হয়ে উঠছেন সব ‘যাত্রী’। শুধু হোটেল থেকে মাঠে যাওয়ার পথেই নয়, মাঠে পৌঁছানোর পরও অবচেতনে তাঁদের মধ্যে কাজ করছে নিরাপত্তা নিয়ে শঙ্কা। মনের কোণে হয়তো ভেসে উঠছে লাহোরের সেই ঘটনা।গত বছরের ৩ মার্চ লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের কাছে বন্দুক হামলার মধ্যে পড়েছিল শ্রীলঙ্কা দলের বাস। গুলি লেগে মারাত্মকভাবে আহত হয়েছিলেন থিলান সামারাবীরাসহ বেশ কয়েকজন। সূত্র জানিয়েছে, ভয়াবহতম সেই অভিজ্ঞতা এখনো ভুলতে পারেনি দলটা, তাই এবার বাংলাদেশে এসেই নিজেদের নিরাপত্তাকেই গুরুত্ব দিচ্ছে বেশি। খেলোয়াড়দের আচরণবিধিতে বাড়তি শৃঙ্খল—অপরিচিত কারও সঙ্গে মেশা তো দূরের কথা, পারলে এড়িয়ে যেতে হবে কথাবার্তাও। সংবাদমাধ্যমও এই কড়াকড়ির বাইরে নয়। সিরিজ শুরুর আগের দিন বিকেলে শ্রীলঙ্কার অনুশীলন কেমন হলো, দলের সঙ্গে আসা নতুন ক্রিকেটাররাই কে কেমন বোলিং-ব্যাটিং করেন, জানা গেল না কিছুই। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের টিম ম্যানেজমেন্ট থেকে বলে দেওয়া হয়, মিডিয়ার লোকজন যেন ভিড় না করেন ইনডোরে। ক্যামেরা তো পুরোপুরিই নিষিদ্ধ! জানা গেছে কেবল একটাই তথ্য—এই দলে নাকি আছেন শ্রীলঙ্কা একাডেমির হয়ে বাংলাদেশ সফর করে যাওয়া পাঁচ ক্রিকেটার।অনুশীলন শেষে শ্রীলঙ্কা দিল আরও বড় চমক। বাংলাদেশ দলের বিপক্ষে আজ তাদের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে সিরিজ, অথচ সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে ম্যানেজারের সঙ্গে এলেন কোচ ট্রেভর বেলিস! মিডিয়াকে এড়িয়ে যাওয়ার ধারাবাহিকতায় অধিনায়ক কুমার সাঙ্গাকারা অনুপস্থিত সেখানেও।বেলিস অবশ্য নিরাপত্তা-শঙ্কা নিয়ে কোনো কথাই বলেননি। সংবাদ সম্মেলনের পুরোটাই হলো ক্রিকেটীয় এবং তাতে ঘুরেফিরে এল একই বিষয়—অনভিজ্ঞ-তরুণ এই দল নিয়ে কত দূর যাওয়ার আশা লঙ্কানদের? মুত্তিয়া মুরালিধরন নেই, নেই অজন্তা মেন্ডিস-লাসিথ মালিঙ্গাদের কেউ। বোলিং আক্রমণটা কি একটু বেশিই নড়বড়ে হয়ে যাচ্ছে না? বেলিস আশাবাদী, অনভিজ্ঞ হলেও হতাশ করবে না এই দল, ‘দলে সুরাজ রণদিব আছে, ভারতে খুব ভালো বল করেছে সে। সফরে ওই আমাদের সেরা বোলার। এ ছাড়া মালিঙ্গা বান্দারা আছে, স্পিন বোলিং অলরাউন্ডার পুষ্প কুমারা আছে। তারা সবাই তরুণ হতে পারে, তারপরও আমি বলব বোলিংয়ের গভীরতা একেবারে কম নয়।’দল অনভিজ্ঞ বলে নয়, বেলিসকে বরং কিছুটা চিন্তিত মনে হচ্ছে শিশিরভেজা উইকেট নিয়ে। তবে সমস্যার একটা সহজ সমাধানও দিলেন তিনি, যার সারমর্ম—আগে ব্যাটিং করলে স্কোরবোর্ডে বড় রান জমা করতে হবে। আগে বোলিং করলে প্রতিপক্ষকে কম রানে অলআউট করে দিতে হবে। আজকের ম্যাচে শ্রীলঙ্কার সেই প্রতিপক্ষের নাম বাংলাদেশ, বেলিসের চোখে যারা হালকাভাবে নেওয়ার মতো দল নয়, ‘গত ১২ মাস খুব ভালো খেলছে বাংলাদেশ দল। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে বাংলাদেশ যে কাউকে হারাতে পারে এবং সেটা আমরা গতবার দেখেছি।’২০০৯ যেন ঘুরেফিরেই চলে আসছে ২০১০-এর শ্রীলঙ্কার মধ্যে? না ভোলা যাচ্ছে বাংলাদেশের কাছে গতবারের পরাজয়, না ভোলা যাচ্ছে ‘লাহোর’।