তারুণ্যের আগমনে অভিজ্ঞতার বিদায়
সন্ধ্যা নেমেছে। বাফুফে ভবনে একদিকে উৎসব। অন্যদিকে হতাশার মেঘ। আরিফ খান (জয়), তাবিদ আউয়ালরা সহসভাপতি পদে নির্বাচিত হয়ে যখন বেরিয়ে গেলেন ভবন থেকে, তাঁদের ঘিরে মিছিলে মুখর গোটা চত্বর। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলল মুহুর্মুহু।খানিক আগে হাসিমুখ নিয়ে একইভাবে ক্যামেরার সামনে দাঁড়ালেন সালাম মুর্শেদী। জ্যেষ্ঠ সহসভাপতি পদে শেষ পর্যন্ত সহজ জয়ই পেয়েছেন। নির্বাচনে শেষ কথা বলে যে কিছু নেই, সালামই এর বড় উদাহরণ হয়ে এলেন কাল। এই নির্বাচন বিদায় জানাল বেশ কয়েকজন পরীক্ষিত সংগঠককে। চার সহসভাপতি পদে সবচেয়ে বেশি ৭৬টি ভোট পেয়ে সবাইকে অবাক করে দিয়েছেন কাজী নাবিল আহমেদ। তাঁর সঙ্গে তাবিদ আউয়াল (৭৪), আরিফ খান (৭০) এবং বাদল রায় (৬১) জিতে এসেছেন। নাবিল ও বাদল সালাউদ্দিনের সম্মিলিত ঐক্যপরিষদের প্রার্থী। তাঁরা বিদায়ী কমিটিতেও একই পদে ছিলেন। জয়-তাবিদের মতো তরুণেরা এলেন প্রথম। সহসভাপতি পদে হেরে গেছেন মনজুর হোসেন, শওকত আলী খানের মতো অভিজ্ঞ সংগঠকেরা। ভোট গণনার প্রথম দিকে বাদল রায়ও পিছিয়ে ছিলেন। তিনিও হেরে যাচ্ছেন বলে অনুমান ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ২ ভোটে মহিউদ্দিন মহিকে হারিয়েছেন বাদল। জয়ের আনন্দে সালাম মুর্শেদীর প্রথম প্রতিক্রিয়া, ‘জীবনে অনেক নির্বাচন করেছি। কিন্তু এটি ছিল অনেক কঠিন নির্বাচন।’ জয়ের কথা, ‘নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতিই অক্ষরে অক্ষরে পালন করব।’ তাবিদ বললেন, ‘আর কথা নয়। এবার কাজ। তবে মহিউদ্দিন মহি ভাই পাস করলে আরও খুশি হতাম। এই একটা ঘাটতি রয়ে গেছে।’জ্যেষ্ঠ সহসভাপতি পদে অনেক ওজনদার প্রার্থী ছিলেন গোলাম রাব্বানি (হেলাল), আশরাফউদ্দিন আহমেদ (চুন্নু), নূরুল আলম চৌধুরীরা। কিন্তু ভোটের বাক্সে সবই অসার প্রমাণিত হলো এবং সালাম ১২১টি ভোটের মধ্যে ৬০টি পেয়ে জিতেছেন। মাত্র ২৮ ভোট পড়েছে দ্বিতীয় স্থানে থাকা হেলালের বাক্সে। অথচ ভোটের আগ মুহূর্ত পর্যন্ত জয়ের ব্যাপারে তাঁর ছিল উচ্চাশা।জ্যেষ্ঠ সহসভাপতি পদে তৃতীয় হয়েছেন শেখ রাসেলের সভাপতি নূরুল আলম চৌধুরী। মাত্র ২৩ ভোট পেয়েছেন। তাঁর সমর্থকেরাও জেতার ব্যাপারে আশাবাদী ছিলেন। ওদিকে আশরাফউদ্দিন চুন্নুর মাত্র ৬ ভোট পাওয়া অবিশ্বাস্য। সাবেক এই তারকা বলেছিলেন, দু-তিন মাস ধরে কাজ করছেন নির্বাচন নিয়ে। কাজেই জিতে আসবেন। কিন্তু ভোটের বাক্সে এর বিন্দুমাত্র প্রতিফলন নেই। আরেক প্রার্থী মোস্তাকুর রহমান মাত্র ৪ ভোট পেয়ে অনুমিতভাবেই থাকলেন তলানিতে। সন্ধ্যায় মনজুর হোসেন (মালু) বাফুফে ভবন থেকে বেরিয়ে গেছেন একবুক আক্ষেপ আর হতাশা নিয়ে। দীর্ঘদিন ধরে ফুটবলে যুক্ত থেকে এবার ভোট পেয়েছেন মাত্র ৪৬টি।সাবেক তারকা সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির অনেক দিন ধরেই বাফুফের বড় সমালোচকের ভূমিকায় ছিলেন। এবার তাঁর সামনে সুযোগ ছিল ফেডারেশনের কমিটিতে এসে কাজ করার। কিন্তু সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন মাত্র ২২ ভোট। আরেক সাবেক তারকা ফুটবলার খুরশিদ বাবুলও পেয়েছেন ২২ ভোট। ভোটের মাঠে তাঁদের খুঁজেই পাওয়া গেল না!