তারুণ্যের জয়গান পাকিস্তানের সাবেকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কয়েক দিন পর থেকেই শুরু হতে যাচ্ছে পাকিস্তানের শ্রীলঙ্কা সফর। এ সফরে পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে আবার দলে ডাকার কথা বিবেচনা করছেন পাকিস্তানের নির্বাচকেরা। তবে পাকিস্তানের এখন তারুণ্যেই মনোযোগী হওয়া উচিত বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেট তারকারা। দুই সাবেক অধিনায়ক জহির আব্বাস ও মঈন খানের মতে, তরুণ ক্রিকেটারদের দিকেই এ মুহূর্তে নির্বাচকদের মনোযোগটা ঘোরানো উচিত। নতুন কোচ ডেভ হোয়াটমোরও তরুণদের নিয়েই পাকিস্তান দলের পুনর্গঠনের কাজটা ভালোভাবে করতে পারবেন বলে মত দিয়েছেন সাবেক এই দুই তারকা ক্রিকেটার।এ মাসের শেষ থেকে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যাবে পাকিস্তান। এমন একটা পূর্ণাঙ্গ সফরই যে তরুণ ক্রিকেটারদের সামর্থ্য যাচাইয়ের শ্রেষ্ঠ মঞ্চ হতে পারে—এ নিয়ে কোনো দ্বিরুক্তি নেই জহির আব্বাসের মতে। পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান বলেছেন, ‘শ্রীলঙ্কা সফরে পাকিস্তান অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাবে। এটা নতুন তরুণ ক্রিকেটারদের খুঁজে বের করার কাজে লাগানো যেতে পারে। আমি নিশ্চিত, নতুন কোচ ডেভ হোয়াটমোর, তাঁর অভিজ্ঞতা দিয়ে ভালো কাজ করতে পারবেন এই তরুণদের সঙ্গে।’ ঘরোয়া ক্রিকেটে নিজের ম্যাচ ফিটনেসের প্রমাণ না দিয়েই ইউসুফকে দলে ফেরানোটা খুব বেশি কাজের হবে না বলেও মন্তব্য করেছেন জহির। তিনি বলেছেন, ‘ইউসুফ অনেক দিন ধরেই ঘরোয়া ক্রিকেট খেলেনি। কাজেই নিজের ফিটনেস প্রমাণ করার জন্য তার আগে কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলা দরকার।’ সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক ও অধিনায়ক মঈন খানও এ প্রসঙ্গে গলা মিলিয়েছেন জহির আব্বাসের সঙ্গে। মোহাম্মদ ইউসুফকে আবার দলে সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ইউসুফ খুবই ভালো ব্যাটসম্যান। যদি সে ফিট থাকে, তাহলে তাকে নির্বাচনের জন্য বিবেচনা করা যেতেই পারে। কিন্তু তার আগে তাকে কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলতে বলা উচিত। কারণ, এভাবে তাকে সরাসরি নির্বাচন করা হলে অন্যরা যারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছে, তাদের প্রতি অবিচার করা হবে। আমাদের এখন এমন ক্রিকেটারদের খুঁজে বের করতে হবে যারা আগামী ১০ বছর পাকিস্তানের পক্ষে খেলে যেতে পারবে। আর শ্রীলঙ্কা সফরটা এই ধরনের প্রতিভা অন্বেষণের ভালো সুযোগ।’ ওয়েবসাইট।