তারুণ্যের ঝান্ডা উঁচিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস রদ্রিগেজ,ইয়াইয়া তোরে,জোয়েল ক্যাম্পবেল,মারিও বালোতেল্লি
জেমস রদ্রিগেজ,ইয়াইয়া তোরে,জোয়েল ক্যাম্পবেল,মারিও বালোতেল্লি

২১, ২২, ২৩...খািল চোখে স্রেফ তিনটি সংখ্যা। বয়সের হিসাবে তারুণ্য। কিন্তু যদি হয় পরশুর বিশ্বকাপ, এই তিনটি সংখ্যা মানে দুঃসাহস! প্রতিভা আর সামর্থ্য দিয়ে অভিজ্ঞতার ঘাটতি ছাপিয়ে যাওয়া। জোয়েল ক্যাম্পবেল, জেমস রদ্রিগেজ আর মারিও বালোতেল্লি—ওই তিনটি নাম মানে তারুণ্যের জয়গান!
রদ্রিগেজ আর বালোতেল্লির পারফরম্যান্স অবশ্য বড় কোনো বিস্ময় হয়ে আসেনি। মাঠের বাইরে খ্যাপাটে, মাঠে একই সঙ্গে দুরন্ত ও অনুনমেয়—তার পরও বালোতেল্লির ওপর ইতালিয়ানদের এতটা আস্থা তিনি সহজাত ম্যাচ উইনার বলেই। চোখ ধাঁধানো একটি মুহূর্তেই গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। পরশু যেমন ২৩ বছর বয়সী ফরোয়ার্ডের গোলই ব্যবধান গড়ে দিয়েছে মানাউসে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন আন্দ্রেয়া পিরলো, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ইতালিকে জয় এনে দেওয়া ওই একটি হেডেই ম্যাচসেরা বালোতেল্লি। আরেকবার অবশ্য দারুণ এক চিপ করেছিলেন ইংলিশ গোলকিপার জো হার্টের ওপর দিয়ে, গোললাইন থেকে বাঁচিয়েছেন ফিল জাগিয়েলকা।
বালোতেল্লি মাঠে নামার আগে বেলো হরিজন্তের মাঠ মাতিয়েছেন রদ্রিগেজ। কার্লোস ভালদেরামার উত্তরসূরির তকমা আর ১০ নম্বর জার্সির ভার তো সব সময়ই সঙ্গী, বাড়তি দায়িত্ব ছিল রাদামেল ফ্যালকাও না থাকাতেও। বিশ্বকাপ অভিষেকেই রদ্রিগেজ বুঝিয়ে দিয়েছেন, ২২ বছরের কাঁধজোড়া প্রস্তুত চাপের পাহাড় বইতে। গোল করিয়েছেন, করেছেন, লাতিন ছন্দে মাতিয়েছেন মাঠ। ম্যাচসেরায় তাঁর প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না।
উরুগুয়েকে হারিয়ে পরশু কোস্টারিকা যেমন চমকে দিয়েছে ফুটবল-বিশ্বকে, চমকে দিয়েছেন তেমনি ক্যাম্পবেলও। আর্সেনাল তাঁকে কিনেছিল তিন বছর আগে, কিন্তু ইংল্যান্ডে ‘ওয়ার্ক পারমিট’ না পাওয়ায় তিন বছর ধারে খেলেছেন তিন ক্লাবে। উপযুক্ত এক মঞ্চ পেয়ে জ্বলে উঠেছেন পরশু। গোল করেছেন একটি, পুরো ম্যাচেই খেলেছেন দুর্দান্ত। আর্সেনাল নিশ্চয়ই তাঁকে নিজেদের করে চাইবে শিগগিরই!
তবে ফুটবলে অভিজ্ঞতার মূল্য বুঝিয়ে দিতেই যেন তিন তরুণের পাশাপাশি জ্বলে উঠে এসেছেন ৩১ বছর বয়সী অভিজ্ঞ এক যোদ্ধা। জাপানের বিপক্ষে গোল করেননি। তবে ইয়াইয়া তোরে পুরো মাঠ দাবড়ে বেরিয়ে আর অসংখ্য আক্রমণের উৎস হয়ে ম্যাচসেরা হয়েছেন।