তারুণ্যের পাশে অভিজ্ঞতার জয়গান
বুড়ো ঘোড়াদের ওপরই আবারও আস্থা রেখেছেন মার্সেলো লিপ্পি। তিরিশোর্ধ্ব ১১ জন খেলোয়াড় আছেন ইতালির প্রাথমিক দলটায়। ৩৬ বছর বয়সী ফ্যাবিও ক্যানাভারো, ৩২ বছর বয়সী জিয়ানলুইজি বুফোন, ৩৩ বছর বয়সী জিয়ানলুকা জামব্রোত্তা...আছেন ফ্যাবিও গ্রসো, মাউরো কামোরানেসি, জেনারো গাত্তুসোও। অবশ্য ফ্রান্সেসকো টট্টি, লুকা টনি, দেল পিয়েরোর জায়গা হয়নি লিপ্পির ৩০ জনের দলে। জায়গা যে হবে না, সেটি আন্দাজ করা গিয়েছিল আগেই। কারণ প্রাথমিক দল ঘোষণার আগেই ২৯ জনের একটি দল ঘোষণা করেছিলেন ইতালির গত বিশ্বকাপজয়ী কোচ। এঁদের সবাইকে গত সপ্তাহে রোমে জড়ো করেছিলেন। বোঝা গিয়েছিল, এঁরাই আছেন লিপ্পির বিশ্বকাপ পরিকল্পনায়। সেই ২৯ জনের দলটাই প্রাথমিক দল হিসেবে পরশু ঘোষণা করা হয়েছে। সঙ্গে কেবল যোগ হয়েছে ভিয়ারিয়ালের স্ট্রাইকার জিউসেপ্পে রসি।ইতালির শিরোপা ধরে রাখার মিশনে গত বিশ্বকাপ দলটির ১০ জনকেই রেখেছেন কোচ। তবে ২০০৬ সালে লিপ্পির এক নম্বর স্ট্রাইকার ছিলেন যিনি, সেই লুকা টনিরই জায়গা হয়নি। জায়গা হয়নি ফর্মে থাকা আন্তোনিও কাসানোর। বিশ্বকাপ খেলার চেয়ে বিয়ে করাটাই বেশি জরুরি মনে হয়েছে সাম্পদোরিয়ার এই স্ট্রাইকারের! লিপ্পি ডাকলেও বিশ্বকাপে যাবেন না বলেই জানিয়েছিলেন। লিপ্পিও গরজ দেখাননি।বেপরোয়া তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতাকেও দাম দিতে চান বকসাদা চুলের ভদ্রলোক। তাঁর হিসাবটা পরিষ্কার, বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলার জন্যই যাচ্ছে দল। এই সাত ম্যাচের জন্য টগবগে তারুণ্য দরকার নেই। ‘আমরা (বিশ্বকাপে) মাত্র এক মাসের জন্য খেলব। তাই কোনো সমস্যা হবে না। খেলোয়াড়ের মান শুধু বয়স আর টেকনিকের ওপর নির্ভর করে না। প্রাণপ্রাচুর্য লাগে, অভিজ্ঞতা থাকতে হয়; ক্যারিশমা, বিচক্ষণতা, আন্তর্জাতিক ম্যাচে খেলার অভিজ্ঞতা—এসবও লাগে।’গতবারের রানার্সআপ দলের কোচ রেমন্ড ডমেনেখও দেখা যাচ্ছে লিপ্পির মতবাদেই বিশ্বাসী। প্রাথমিক দলে তাই ১৯ বছর বয়সী ইয়ান এম’ভিলার মতো তরুণের পাশাপাশি এরিক আবিদাল, উইলিয়াম গালাস, নিকোলাস আনেলকাদের মতো তিরিশোর্ধ্বরাও আছেন। অবশ্য দলে জায়গা হয়নি প্যাট্রিক ভিয়েরার। ৩০+ বয়সী ৮ জন খেলোয়াড় আছেন ফ্রান্সের প্রাথমিক দলে। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।বিশ্বকাপের দল বাছতে গিয়ে আর্জেন্টিনা কোচ ডিয়েগো ম্যারাডোনা কিন্তু লিপ্পি-ডমেনেখের মতোই ৪০ শতাংশ অভিজ্ঞ আর ৬০ শতাংশ তরুণ খেলোয়াড়দের মিশেলে দল গড়েছেন। ত্রিশের কাছাকাছি কিংবা ওপরে এমন আট-নয়জন খেলোয়াড় আছেন তাঁর প্রাথমিক দলটায়। ৩৫ বছর বয়সী ভেরন আছেন, আছেন ৩৬ বছর বয়সেও ভেলকি দেখিয়ে চলা মার্টিন পালের্মো। ওদিকে তারুণ্যের জয়গান গাইতে প্রস্তুত মেসি-হিগুয়েইন-দাতোলো-মারিয়ারা।ব্রাজিলের ২৩ জনের দলটায় রোনালদিনহো, আদ্রিয়ানো, রোনালদোদের না থাকাটা দেখে প্রথমে বিভ্রম জাগতে পারে, কার্লোস দুঙ্গা বুঝি শুধু তারুণ্যের পূজারি। কিন্তু এও মনে রাখবেন, পাতোকেও ছেঁটে ফেলেছেন কোচ। বুঝিয়ে দিয়েছেন, তাঁর কাছে পারফরম্যান্স আর পরিশ্রমটাই শেষ কথা। ২৩ জনের দলেও দুঙ্গা তিরিশ-ছোঁয়া কিংবা পেরোনো খেলোয়াড় রেখেছেন নয়জন!