তারুণ্যের বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলানের দেখানো পথেই মিলানের শিরোপা কেড়ে নিল জুভেন্টাস। নতুন পথ অবশ্য নয়, তবে এই পথে পা বাড়ানোর সাহস দেখানোটাও সহজ নয়। মিলান গত মৌসুমে বেছে নিয়েছিল সেই পথ, সাহসিকতার পুরস্কারও পেয়েছে। এবার সেই পথেই দুরন্ত বেগে ছুটে সাফল্যের দেখা পেল জুভেন্টাস। টানা দুই মৌসুমে দুই ইতালিয়ান ‘দৈত্য’ দীর্ঘ শিরোপা-খরা ঘোচাল তারুণ্যের জয়গান গেয়ে!জুভেন্টাসের খেলোয়াড় তালিকা দেখে ‘তারুণ্য-বন্দনা’য় বিভ্রান্ত হবেন না। শিরোপা জয়ে বড় অবদান রাখা পিরলো-দেল পিয়েরো-বুফন-গ্রসোদের কি আর তরুণদের দলে ফেরা যায়! কিন্তু ফুটবলে মাঠের নায়কদের চেয়ে নেপথ্য নায়কের অবদানও যে কম নয়! সেখানেই ছিল তারুণ্য। প্রথমবার বড় কোনো ক্লাবের দায়িত্ব নিয়েই জুভেন্টাসের শিরোপা-খরা ঘোচালেন আন্তোনিও কন্তে। কোচ সমাজে যিনি নিতান্তই তরুণ, বয়স মাত্র ৪২ বছর! এসি মিলানকে যেমন গত বছর ট্রফি এনে দিয়েছিলেন মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ২০০৪ সালের পর থেকে আর সিরি ‘আ’র শিরোপার নাগাল পাচ্ছিল না মিলান। যন্ত্রণাটা যেন আরও তীব্র হচ্ছিল নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে একের পর এক ট্রফি জিততে দেখে। দীর্ঘদিনের কোচ কার্লো আনচেলত্তিকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় লিওনার্দোকে, এরপর অ্যালেগ্রিকে। ফল মেলে হাতেনাতেই। ছয় মৌসুম পর মিলানকে সিরি ‘আ’র শিরোপা এনে দেন ৪৩ বছর বয়সী অ্যালেগ্রি। পরশু পর্যন্ত শিরোপা লড়াইয়ে এবারও ভালোমতোই ছিল মিলান। কিন্তু এবার তরুণ অ্যালেগ্রিকে হতাশ করলেন বয়সে তাঁর দুই বছরের ছোট কন্তে। গত বছরের মে মাসে দায়িত্ব নেওয়ার পর ৪০ ম্যাচে এখনো হারের স্বাদ পাননি কন্তে।বয়স কাছাকাছি আর সাফল্যে একই রকম হলেও দুজনের মধ্যে কিন্তু পার্থক্য আছে ভালোই। খেলোয়াড়ি জীবনে দুজনই ছিলেন মিডফিল্ডার, তবে কখনোই বড় কোনো ক্লাবে খেলা হয়নি অ্যালেগ্রির। কন্তে আবার বলতে গেলে জুভেন্টাসের ঘরেরই ছেলে। পেশাদারি ক্যারিয়ারের প্রথম ছয় বছর খেলেছেন লেচ্চেতে। এরপর টানা ১৩ বছর জুভেন্টাসে খেলে ইতি টেনেছেন ক্যারিয়ারের। মিলানের আগে অ্যালেগ্রির সিরি ‘আ’তে কোচিংয়ের অভিজ্ঞতা মোটামুটি ছিল অ্যালেগ্রির, ক্যালিয়ারির কোচ হিসেবে দুই বছর ভালোই করেছিলেন। কন্তের সিরি ‘আ’ অভিজ্ঞতা বলতে ছিল আটলান্টার হয়ে সাড়ে তিন মাস ঠেকা কাজ চালানো। বলা যায়, বড় একটা ঝুঁকিই নিয়েছিল জুভেন্টাস। তবে সাফল্য পেতে হলে তো ঝুঁকি নিতেই হয়। প্রথম মৌসুমেই কন্তে বুঝিয়ে দিলেন ঘরের ছেলের ওপর আস্থা রেখে ভুল করেনি জুভেন্টাস। ঘরের ছেলে বলেই কি না, আবেগের প্রকাশটা কন্তের তীব্র। কোচিংয়ের ধরনে তো বটেই, দারুণভাবে নজর কেড়েছেন পার্শ্বরেখার কন্তেও। পার্শ্বরেখায় ছোটাছুটি, চিৎকার, ক্ষণে ক্ষণে রং বদলানো চেহারা, ফুলে ওঠা ঘাড়ের রগ, লাফালাফি—সবই যেন বলে দেয় ক্লাবের প্রতি কন্তের আবেগ। ইতালিয়ান ফুটবলে পালাবদলের এই পালায় কাঁধ মিলিয়েছে আরেক ইতালিয়ান দৈত্য ইন্টারও। গত মার্চেই ক্লদিও রানিয়েরিকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আন্দ্রেয়া স্ত্রামাচ্চিওনিকে। অ্যালেগ্রি-কন্তের তুলনায় যিনি আরও ‘পুঁচকে’, বয়স মাত্র ৩৬। তবে এখন তো এই পুঁচকেদেরই জয়জয়কার। কে জানে, আগামী মৌসুমে হয়তো এমন কোনো গল্প লিখতে হবে স্ত্রামাচ্চিওনিকে নিয়ে! রয়টার্স, ওয়েবসাইট।