তালা ভেঙে বের করা হলো দাবার সরঞ্জাম
দাবা ফেডারেশন কার্যালয়ের এদিক-সেদিক ঘোরাঘুরি করছিলেন বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন মিনহাজউদ্দিন আহমেদ (সাগর), জুনিয়র রানার্সআপ মোহাম্মদ সাগর, সাব-জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ হোসেনরা। কাল ছিল জাতীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের উদ্বোধনী দিন। খেলা শুরু হওয়ার কথা বিকেল সাড়ে ৩টায়, কিন্তু পাঁচটায়ও সেটি শুরু হয়নি বলে অলস সময় কাটছিল সবার।জাতীয় পর্যায়ের খেলা, অথচ সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন অদৃশ্য। ফেডারেশন কর্মকর্তাদের অভিযোগ, সকাল থেকেই সাধারণ সম্পাদকের মোবাইল ফোন বন্ধ। ফেডারেশনের স্টোররুমেও তালা। চাবি সাধারণ সম্পাদকের কাছে ছিল বলে দাবার ঘুঁটি, ডিজিটাল ঘড়ি ও আনুষঙ্গিক জিনিসপত্র বের করা সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত তালা ভেঙে বের করা হয় দাবার সরঞ্জাম। তারপর শুরু হয় খেলা।মোকাদ্দেস কেন এমন যোগাযোগবিচ্ছিন্ন ছিলেন? সন্ধ্যায় অনেক চেষ্টার পর এই প্রতিবেদক যখন তাঁকে মুঠোফোনে পেলেন, উত্তর দিলেন, ‘আমার মেয়ের মেডিকেলের পরীক্ষা ছিল বলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তা ছাড়া ওরা যখন যোগাযোগের চেষ্টা করেছে হয়তো মোবাইলের নেটওয়ার্ক ঝামেলা করছিল।’ বর্তমান চ্যাম্পিয়ন মিনহাজউদ্দিনকে বাছাইপর্ব খেলতে হবে, নাকি সরাসরি তিনি সুযোগ পাবেন, সেটা নিয়ে সংশয়ে ভুগছিলেন কর্মকর্তারা। মিনহাজ নিজেও হতাশ ছিলেন ব্যাপারটা নিয়ে, ‘সাধারণ সম্পাদককে ফোন করে জেনেছি, বাছাইপর্ব খেলতে হবে। কিন্তু এখানে এসে শুনি খেলতে হবে না। ফেডারেশন থেকে আমার সঙ্গে কেউ যোগাযোগই করেনি।’কাল উপস্থিত অন্য সদস্যরাই বাইলজ পরিবর্তন করে বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্সআপকে সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। একজন চ্যাম্পিয়নের বাছাইপর্ব খেলে চূড়ান্ত পর্বে আসার ব্যাপারটা মেনে নিতে পারেননি তাঁরা। প্রাথমিক পর্ব থেকে ৯ জন খেলোয়াড় সুযোগ পাবে সরাসরি খেলার। সুতরাং পাঁচ গ্র্যান্ডমাস্টার ও চ্যাম্পিয়ন-রানার্সআপ দুজনসহ মোট ১৬ জনকে নিয়ে হবে চূড়ান্ত পর্ব। আগামী নির্বাহী কমিটির সভায় বাইলজ সংশোধন করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।আগের নিয়মে পাঁচজন গ্র্যান্ডমাস্টার সরাসরি খেলার সুযোগ পেতেন। ঘুরেফিরে ওই পাঁচজনের কেউই চ্যাম্পিয়ন হতেন বলে সমস্যাটা এত দিন হয়নি। কিন্তু এবার নতুন চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার না হওয়াতেই ঝামেলা বাধে। তবে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে সাধারণ সম্পাদকের সমন্বয়হীনতায়।