তালেবানি হুমকি এড়িয়ে অ্যাশেজে ফাওয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ ছেড়েছিলেন কেন ফাওয়াদ আহমেদ? তিনি দেশ ছেড়েছিলেন তালেবানদের অত্যাচারে। তাঁর অপরাধ ছিল, তিনি নারী শিক্ষার পক্ষে কথা বলতেন, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্বের কথা প্রচার করতেন আর ক্রিকেট খেলতেন। এই কয়েকটি ‘অপরাধের’ কারণেই পাকিস্তানের ধর্মান্ধ তালেবানি গোষ্ঠীর চক্ষুশূলে পরিণত হলেন তিনি। চলতে লাগল প্রাণনাশের হুমকি। জন্মভূমি একসময় অসহ্য ঠেকতে লাগল অ্যাবোটাবাদের হয়ে পাকিস্তানের প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেটে খেলা এই লেগ স্পিনারের। দেশ ছেড়ে চলে এলেন অস্ট্রেলিয়ায়। রাজনৈতিক আশ্রয়ে থাকা সেই ফাওয়াদই অপেক্ষায় আছেন স্বপ্নপূরণের। অ্যাশেজ খেলার স্বপ্নপূরণে।ক্রিকেটীয় প্রতিভা ছিলই। সেই প্রতিভা কাজে লাগিয়েই তিনি দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন অসি ক্রিকেট কর্তৃপক্ষের। তাঁর লেগ স্পিনের ক্যারিশমাকে ব্যবহার করেই অস্ট্রেলিয়া এখন অপেক্ষায় অ্যাশেজ পুনরুদ্ধারে। অথচ জীবনটা কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না ৩১ বছর বয়স্ক এই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের।খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। বয়স তাঁর তখন মাত্র দেড় বছর। বাবা সেনাবাহিনীর সামান্য চাকুরে ছিলেন। পেনশনের টাকায় মা কোনোমতে ফাওয়াদ ও তাঁর বাকি তিন ভাইবোনকে বড় করে তুলেছেন। সম্ভব সব ধরনের শিক্ষায় শিক্ষিত করেছেন। আধুনিক মনস্ক করে গড়ে তুলেছেন।এলাকার কল্যাণেই ক্রিকেটকে ভালোবেসে ফেলেন সেই ছোটবেলা থেকেই। সরকারি ডিগ্রি কলেজে পড়ার সময়ই স্থানীয় নির্বাচকদের মনোযোগ কেড়ে ঢুকে পড়েন অ্যাবোটাবাদ দলে। শুরু করেন প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা।কেবল ক্রিকেট খেলেই ক্ষান্ত হননি ফাওয়াদ। স্থানীয় পর্যায়ে উপজাতি শিশু ও মেয়েদের মধ্যে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা ছড়িয়ে দিতে থাকেন। এর ফল নিশ্চিতভাবেই তালেবানের চক্ষুশূল হওয়া। ফাওয়াদও একসময় হয়ে যান ওই ধর্মান্ধ-যুদ্ধবাজদের লক্ষ্যবস্তু।অস্ট্রেলিয়ায় পালিয়ে আসার আগে নিজের এক বন্ধু-সতীর্থের ভয়াবহ পরিণতির সাক্ষী হয়ে এসেছেন। ফাওয়াদের মতোই মেয়েদের ক্রিকেট প্রশিক্ষণে যুক্ত ছিলেন বন্ধু হাবিব। একসময় তালেবানের হাতে জীবন হারান ওই হাবিব। ফাওয়াদও হুমকি পাচ্ছিলেন। সব মিলিয়ে সিদ্ধান্ত নেন, ‘আর নয়। বেঁচে থাকার মৌলিক অধিকার যেখানে রহিত, সেখানে বাস করার কোনো মানেই হয় না।’ অস্ট্রেলিয়ায় চলে না এলে হয়তো জীবনটা প্রলম্বিত করতে পারতেন না ফাওয়াদ, ‘আমার জীবনের ওপর মারাত্মক হুমকি ছিল। বন্ধু হাবিবও আমার মতো মেয়েদের ক্রিকেট শেখাত। একদিন ওকে অপহরণ করে নিয়ে গেল সন্ত্রাসীরা। কয়েক দিন পরে তার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হলো। আমি পাকিস্তানে থেকে গেলে হয়তো আমারও হাবিবের মতো পরিণতি হতো।’একটা সময় স্বপ্ন দেখতেন পাকিস্তানের হয়ে খেলবেন। ভাগ্য তাঁর সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি। স্বপ্ন দেখতেন আবদুল কাদির ও মুশতাক আহমেদের উত্তরসূরি হওয়ার। কিন্তু ওই ভাগ্যই তাঁকে দাঁড় করিয়ে দিয়েছে শেন ওয়ার্নের উপমহাদেশীয় উত্তরসূরি হওয়ার দ্বারপ্রান্তে। ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে ক্রিকেট দিয়ে এটা ফাওয়াদের এক ধরনের প্রতিবাদই। সূত্র: ওয়েবসাইট।