তাসকিন-তোপে জিতল চিটাগং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর খানেক ধরে তাঁকে মনে করা হচ্ছে বাংলাদেশের পেস বোলিংয়ের ভবিষ্যৎ। প্রথম আলোয় আসেন গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে, ছয় ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ১১ উইকেট নিয়ে। গড়পড়তা বাংলাদেশির চেয়ে দীর্ঘকায় (৬ ফুট ১ ইঞ্চি), গতি ও আক্রমণাত্মক মানসিকতা দিয়ে এরপর নজর কেড়েছেন ঘরোয়া ক্রিকেটেও। ওয়েস্ট ইন্ডিজের গত সফরের আগে জাতীয় দলের নেটে ব্যাটসম্যানদের হাতে-কাঁধে-মাথায় বল লাগিয়ে আলোচিত হয়েছেন। তাসকিন আহমেদ কাল আলো ছড়ালেন বড় মঞ্চে।এই তরুণ পেসারের বোলিং তোপে চিটাগং কিংস আরেক ধাপ এগোল ফাইনালের পথে। ভাগ্যের ছোঁয়ায় শেষ চারে থাকা দুরন্ত রাজশাহী পারল না নিজেদের ভাগ্য লিখতে। তবে ১০৭ রানের পুঁজি নিয়েও শেষ পর্যন্ত লড়াই করেছে, কিন্তু রবি বোপারা সময়োচিত ইনিংস খেলে চিটাগংকে পৌঁছে দিয়েছেন লক্ষ্যে। কালকের আগে এই টুর্নামেন্টে চিটাগংয়ের সবচেয়ে বড় হতাশার নাম ছিল বোপারা, কিন্তু কাল ভীষণ প্রয়োজনের সময় ইংলিশ ব্যাটসম্যান খেললেন দারুণ এক ইনিংস (৩০ বলে ৩৪*)। প্রথম সেমিফাইনালে চিটাগং কিংস জিতল ৪ উইকেটে।তবে কালকের ম্যাচের নাম ‘সেমিফাইনাল’ হওয়া কতটা যৌক্তিক, সেই প্রশ্ন তুলতে হচ্ছে আবারও। সম্ভবত বিশ্বক্রীড়া ইতিহাসের প্রথম সেমিফাইনাল এটি, যেটি জিতেও ফাইনালে যাচ্ছে না জয়ী দল! কারণ, নতুন ফরম্যাট। ফরম্যাটটা অবশ্যই প্রশংসনীয়, তবে কালকের ম্যাচের নাম সেমিফাইনাল না হয়ে ‘এলিমিনেটর’ বা এ ধরনের কিছু রাখা হলেই বেশি যৌক্তিক হতো। কাল হেরে যেমন বাদ পড়ে গেছে দুরন্ত রাজশাহী। আজ ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে চিটাগং কিংস ও সিলেট রয়্যালস।এবারের প্রথম সেমিফাইনাল একদিক থেকে মনে করিয়ে দিল গত আসরের প্রথম সেমিফাইনালকে। সেবারও রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান করেছিলেন শন আরভিন, কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষের কাছে পাত্তাই পায়নি রাজশাহী। এবারও হলো তা-ই। যদিও হারের ধরনে পার্থক্যটা এবার উল্টো। গতবার ৬১ বলে ৮২ করেছিলেন আরভিন, রাজশাহী ১৮৪ রান করেও বরিশালের কাছে উড়ে গিয়েছিল আহমেদ শেহজাদের সেঞ্চুরিতে (৪৯ বলে ১১৩)। এবার রাজশাহীর ইনিংস শেষেই ম্যাচের ভাগ্য মোটামুটি নির্ধারিত। চিটাগং ৬ উইকেট হারিয়েছে, তবে সেভাবে কখনোই মনে হয়নি হারতে পারে ম্যাচটা।জাতীয় দলের ডাকে ফিরে গেছেন ব্রেন্ডন টেলর, চিটাগংয়ের নেতৃত্ব আবার মাহমুদউল্লাহর কাঁধে। মাঠে নেতৃত্ব দিয়েছেনও দারুণ। প্রথম সাধুবাদটা পাবেন তো অবশ্যই তাসকিনকে একাদশে রাখার জন্য। টি-টোয়েন্টিতে অভিষেক মাত্র আগের ম্যাচেই, তার পরও ভরসা রেখে এমন বড় ম্যাচে খেলানো হলো তরুণ পেসারকে। শুরুতে মনে হয়েছিল সিদ্ধান্তটার জন্য ভুগতে হবে চিটাগংকে, তাসকিনের প্রথম তিন বলেই চার্লস কভেন্ট্রি মেরেছিলেন দুই চার, এক ছয়। কিন্তু পরের চার বলে তুলে নিলেন ৩ উইকেট! গতিতে পরাস্ত হয়ে প্লেডঅন কভেন্ট্রি, এক বল পর আপার কাটে থার্ড ম্যানে বন্দী ক্যাটিচ। পরের ওভারের প্রথম বলে গতি ও বাড়তি বাউন্সে প্লেডঅন জহুরুল। দ্বিতীয় স্পেলে ফিরে আউট করেছেন মুক্তার আলীকে। গুমোট আবহাওয়া ও কৃত্রিম আলোয় তাসকিনের প্রতিটি বলই স্কিড করছিল, তাতে রান উঠলেও পড়েছে উইকেট।৫৫ রানে ৬ উইকেট হারানো দলকে ১০০ পার করান আরভিন (৪৮ বলে ৪৭*)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৯৯ রানের পুঁজি নিয়েও এই চিটাগংকে ২ রানে হারিয়েছিল রাজশাহী। কাল আর পুনরাবৃত্তি করতে পারেনি। ৪৩ রানের উদ্বোধনী জুটির পর যদিও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে চিটাগং। কিন্তু এক পাশে আস্থা হয়ে ছিলেন বোপারা।সংক্ষিপ্ত স্কোরদুরন্ত রাজশাহী: ২০ ওভারে ১০৭/৭ (কভেন্ট্রি ১৫, ক্যাটিচ ০, মুনাবীরা ১২, জহুরুল ১, আরভিন ৪৭*, ফরহাদ ৫, জিয়াউর ০, মুক্তার ১৮, উদানা ২*; তাসকিন ৪/৩১, মাহমুদউল্লাহ ২/৬, ওরাম ১/১৮)। চিটাগং কিংস: ১৭.২ ওভারে ১০৮/৬ (জেসন ৩০, নুরুল ১৪, বোপারা ৩৪*, ডেসকাট ১, মাহমুদউল্লাহ ৭, আরিফুল ৭, কুপার ০, ওরাম ১০*; নাঈম ২/২৫, মুক্তার ১/২০, মনির ১/২১, উদানা ১/২৩)।ফল: চিটাগং কিংস ৪ উইকেটে জয়ীম্যান অব দ্য ম্যাচ: তাসকিন আহমেদ