
টি-টোয়েন্টি ম্যাচে কাজটা কঠিন, তা-ও আবার তিনি পেসার। অথচ ব্যাটসম্যানদের খেলা টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তাসকিন আহমেদ নজর কেড়েছেন প্রথম ম্যাচেই। এমনকি প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও স্বীকার করছে, তাসকিন একটু বিস্ময় হয়েই এসেছেন তাদের জন্য।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ম্যান অব দ্য ম্যাচ অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘খুব জোরে বল করে ও, আমরা একটু বিস্মিতই হয়েছি বলতে পারেন। নিখুঁত বল করে, উইকেটে পড়ে ওর বল পিছলে যাচ্ছিল। আমাদের ধারণার চেয়েও একটু জোরেই বল করে ছেলেটা।’ ফিঞ্চ স্বীকার করেছেন, ‘ছয় ওভার স্পিনারদের খেলার পর ও ১৪০-এ বল করা শুরু করল, যেটা নাকি আমাদের জন্য চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছিল। খুব ভালো বল করেছে ও।’ অস্ট্রেলিয়ান এই ওপেনার অবশ্য তার পরও বলেছেন, ‘আজ (গতকাল) স্পিন বলে মারাটাই বেশি কঠিন ছিল।’
সুপার টেনে চার ম্যাচ খেলে কেবল কালকের জয়টা নিয়েই দেশে ফিরবে অস্ট্রেলিয়া। কাল জিতলেও ফিঞ্চের মনটা তাই একটু খারাপই, ‘সেমিফাইনালে যেতে না পারাটা আমাদের জন্য খুবই হতাশার। তিন বিভাগেই খারাপ খেলেছি আমরা। ওয়েস্ট ইন্ডিজের পর ভারতের কাছেও হেরে আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে যাই। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা নিয়ে এসে এখন আমরা ফিরে যাচ্ছি খালি হাতে।’