তাসকিনের আশা, তাসকিনের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম ওভারেই আঘাত। লোকেশ রাহুলের ব্যাট-প্যাড হয়ে স্টাম্প ভেঙে দিল বল। রাজীব গান্ধী স্টেডিয়ামে পাখির ডানা মেলে উড়লেন তাসকিন আহমেদ।
এটা দিনের শুরুর দৃশ্য, শেষবেলায় সেই ‘পাখি’ কোথায় যেন উড়ে চলে গেল! ভারতের স্কোরবোর্ডে ৩ উইকেটে ৩৫৬ রান। হায়দরাবাদ টেস্ট চোখ রাঙাচ্ছে বাংলাদেশের দিকে।
কিন্তু সকালবেলায় যিনি পাখির ডানায় ভেসেছিলেন, তিনি আশাবাদী। তাসকিনের কেন যেন বিশ্বাস, ভারতের ইনিংসটাকে ৪৫০ রানের মধ্যে আটকে রাখতে পারলে জেগে উঠবে নতুন আশা, ‘আমার পক্ষে বলা কঠিন, তবে উইকেটটা ভালো। আমরা তাদের ৪৫০ রানের মধ্যে অলআউট করে দিতে পারলে ভালো কিছু হতে পারে।’
তাসকিনের এটি তৃতীয় টেস্ট এবং তাতেই সামনে পেয়েছেন বিরাট কোহলির মতো ব্যাটসম্যানকে। প্রতিপক্ষ বোলার হয়েও ভারত অধিনায়কের ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ বাংলাদেশের তরুণ পেসার, ‘বিশ্বের সেরা ব্যাটসম্যান সে। তাকে বাজে বল করা যায় না। ভালো বলগুলো ছেড়ে দিয়েছে। তবে যতগুলো বাজে বল হয়েছে সবগুলোতেই চার মেরেছে। আমার বলেও দুটি বাউন্ডারি মেরেছে, যার একটি আসলেই দুর্দান্ত ছিল। তাকে বাজে বল দিলে নিস্তার নেই।’
এই টেস্ট তাসকিনের জন্য অবশ্য সবই নতুন অভিজ্ঞতা। সেই নতুনত্ব সবচেয়ে বেশি উপহার দিচ্ছে রাজীব গান্ধী স্টেডিয়ামের উইকেট, ‘মনে হচ্ছে উইকেট খুবই ফ্ল্যাট। আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। শুরুতে বল একটু মুভ করলেও উইকেট শুকিয়ে যাওয়ার পরপরই ম্যাড়মেড়ে হয়ে গেছে। অবশ্য ওদের ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং করছে।’ লাঞ্চের পর উইকেট আরও মন্থর হয়ে গেলে ব্যাটসম্যানরাও সুযোগ পেয়েছেন রান করার। তাসকিনের প্রথম দিনের অভিজ্ঞতা—হায়দরাবাদের উইকেটে ভালো লেংথে বল করার বিকল্প নেই। এমনকি সেটা করেও এই উইকেটে ব্যাটসম্যানের ভুলের অপেক্ষাতেই কাটাতে হবে বেশির ভাগ সময়। সে জন্য ধৈর্য ধরাটা জরুরি মনে করছেন তাসকিন।
নিউজিল্যান্ডে প্রচুর শট বল করেছেন বাংলাদেশের বোলাররা। সেই অভ্যাস থেকেই কিনা পেসারদের মধ্যে কালও দেখা গেল একই প্রবণতা এবং সেটার শাস্তিও পেয়েছেন তাঁরা। তবে তাসকিনের আশা, আজ আর সেই ভুল হবে না।
ভুল কমাতে হবে ফিল্ডিংয়েও। নিউজিল্যান্ড সিরিজের ধারাবাহিকতা ধরে রেখে বাজে ফিল্ডিংয়ের প্রদর্শনী দেখা গেছে কাল। ক্যাচ পড়েছে, হাতছাড়া হয়েছে নিশ্চিত রানআউটের সুযোগ। দিন শেষে সেটা নিয়েই সবচেয়ে বেশি আফসোস তাসকিনের, ‘ওই রানআউটটা হলে হয়তো তিনটির পরিবর্তে আমরা ওদের পাঁচ-ছয়টি উইকেট নিতে পারতাম।’