তাসের ঘর!
ভূমিকম্প হলো নিউজিল্যান্ডে। সেটির রেশ যেন তাসমান সাগরের ও পারে, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। হোবার্টে কাল দ্বিতীয় ইনিংসে মাত্র ৩২ রানে পড়েছে অস্ট্রেলিয়ার শেষ ৮ উইকেট। রীতিমতো ধস! একই টেস্টে দ্বিতীয়বার। প্রথম ইনিংসে তো ৮৫ রানে পড়েছে অস্ট্রেলিয়ার ১০ উইকেট!
একটা সময় নিয়মিতই প্রতিপক্ষকে যে অভিজ্ঞতার সামনে দাঁড় করাত অস্ট্রেলিয়া, গত পাঁচ বছরে উল্টো তাদেরই তাড়া করছে সেই দুঃস্বপ্ন। ‘ভূমিকম্পে’ ধসে পড়া অস্ট্রেলিয়ার এমন পাঁচটি ব্যাটিং ধস—
কেপটাউন, নভেম্বর২০১১
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে ব্যাপারটাই এমন, ‘তোমরা যা পারো, আমরা তা আরও ভালো পারি।’ চার বছর আগের কেপটাউন টেস্ট সেটিরই প্রমাণ। প্রথম ইনিংসে ২৮৪ রান করার পর দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে মাত্র ৯৬ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। এরপর রীতিমতো বিভীষিকা! ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন ও মরনে মরকেলের আগুনে বোলিংয়ে মাত্র ৪৭ রানেই অস্ট্রেলিয়ার ইনিংস শেষ! এর আগের ১০০ বছরেও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া (সর্বশেষ ১৯০২ সালে, ইংল্যান্ডের বিপক্ষে, ৩৬ রান)। যে ইনিংসের পর সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ব্রাইস ম্যাকগেইন মজা করে লিখেছিলেন, ‘হ্যাঁ, এটা অস্ট্রেলিয়াই, অস্ট্রিয়া নয়!’ চতুর্থ ইনিংসে ২৩৬ রান তাড়া করে টেস্টটা স্বাগতিকেরা জেতে ৮ উইকেটে।
ট্রেন্টব্রিজ, আগস্ট২০১৫
অ্যাশেজ। আগুনে লড়াই, প্রশ্নটা সম্মানের। তাতে আগের তিন টেস্টের দুটিতে জিতে ইংল্যান্ড এগিয়ে ২-১-এ। ট্রেন্ট ব্রিজে হার এড়ানোটা তাই ‘অবশ্যকর্তব্য’ ছিল অস্ট্রেলিয়ার জন্য। তা ক্লার্কের দল কী করল? স্টুয়ার্ট ব্রডের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৮/১৫) প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে অলআউট! সেটিও মাত্র ১৮.৩ ওভারে! টেস্ট ইতিহাসেই যা প্রথম ইনিংসে সবচেয়ে কম বলে গুটিয়ে যাওয়ার রেকর্ড। টেস্টের ভাগ্য ওখানেই লেখা হয়ে যায়, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া হারে ইনিংস ও ৭৮ রানে।
গল, আগস্ট২০১৬
খুব বেশি দিনের পুরোনো স্মৃতি নয়। শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ২৮১ রানে আটকে দেওয়ার পর অস্ট্রেলিয়া ১ উইকেটে ৫৪। সেখান থেকে মাত্র ১০৬ রানে ইনিংস শেষ! রঙ্গনা হেরাথের বাঁহাতি স্পিনের সঙ্গে দিলরুয়ান পেরেরার অফ স্পিনে মাত্র ৫২ রানেই অস্ট্রেলিয়ার ৯ উইকেট হাওয়া! উপমহাদেশের মাটিতে স্পিনের সামনে হাঁসফাঁস করতে থাকা অস্ট্রেলিয়া ম্যাচটা তো হেরেছিলই (২২৯ রানে), হোয়াইটওয়াশও হয়েছিল সিরিজে।
পার্থ, নভেম্বর২০১৬
দুই সপ্তাহও হয়নি এখনো। অস্ট্রেলিয়া বিনা উইকেটে ১৫৮, প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪২ রান পেরিয়ে স্টিভ স্মিথের দল কোথায় গিয়ে থামবে, সেই হিসাবই চলছিল। তা অস্ট্রেলিয়া লিড নিল ঠিকই, তবে মাত্র ২ রানের! ১০ উইকেট পড়ে গেল মাত্র ৮৬ রানে। সেটিও বলতে গেলে ডেল স্টেইনহীন দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে। অস্ট্রেলিয়ার প্রথম উইকেট নেওয়ার কিছুক্ষণ পরই কাঁধে চোট নিয়ে মাঠ ছেড়ে যান স্টেইন। অস্ট্রেলিয়া হারল ১৭৭ রানে।
হোবার্ট, নভেম্বর২০১৬
হোবার্টকে দিয়ে শুরু, হোবার্টেই শেষ। একই টেস্টে দুবার ‘ধসে’র অভিজ্ঞতা হলো। প্রথম ইনিংসে অধিনায়ক স্মিথের ৪৮ রানই ছিল দলের মোট রানের অর্ধেকের বেশি। অস্ট্রেলিয়া অলআউট হয় মাত্র ৮৫ রানে। মাঝে একটা দিন বৃষ্টিতে ভেসে গেছে, কিন্তু খেলা শুরু হতে আবারও পিছলে পড়ল অস্ট্রেলিয়াই। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার নেওয়া ২৪১ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১২৯ করেও ফেলেছিল। তারপরই ধস! ইনিংস শেষ ১৬১ রানে। ইনিংস ও ৮০ রানে ম্যাচ হেরে সিরিজটা অস্ট্রেলিয়া গেল হেরে, ঘরের মাটিতে যা দক্ষিণ আফ্রিকার কাছে টানা তৃতীয় সিরিজে হার।
ব্রাইস ম্যাকগেইনের কৌতুকটাতেই এখন প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাওয়ার জোগাড়, ‘এটা কি অস্ট্রেলিয়াই, অস্ট্রিয়া নয় তো?’ এএফপি।