
ঘরোয়া হকিতে আম্পায়ারের সিদ্ধান্ত না মানাটা যেন রেওয়াজে পরিণত হয়েছে। এবারের প্রিমিয়ার হকি লিগে বেশির ভাগ দলই আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে মাঠেই গন্ডগোল করেছে। খেলার ছন্দপতন হয়েছে বারবার। তিতিবিরক্ত ফেডারেশন অবশ্য শেষ পর্যায়ে এসে টেলিভিশন রেফারেল পদ্ধতি চালু করে। এতেও যেন কাজের কাজ কিছুই হচ্ছে না। সুপার সিক্সের কালকের আবাহনী-ঊষা ম্যাচটি যেমন বারবার বিঘ্নিত হয়েছে। আম্পায়ারদের সিদ্ধান্ত না মেনে খেলোয়াড়দের একাধিকবার মাঠে বসে থাকতে দেখা গেছে, কখনো মাঠ ছেড়ে বাইরেও চলে গেছে আবাহনী। ৭০ মিনিটের ম্যাচটি শেষ হয়েছে ২ ঘণ্টা ১০ মিনিটে। শেষ পর্যন্ত ঊষার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আবাহনী।
কালকের ম্যাচটি আবাহনীর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল ঊষার জন্য। কাল জিতলে শিরোপা জয়ের পথে আরও এগিয়ে যেতে পারত তারা। কিন্তু এই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও শিরোপা জিততে হলে পরের দুটি ম্যাচেই তাদের জয় চাই। দুটি ম্যাচেরই প্রতিপক্ষ শক্তিশালী মোহামেডান ও মেরিনার্স। ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মেরিনার্স, ৩০ পয়েন্ট নিয়ে তিনে আবাহনী।
কাল ম্যাচের ১৪ মিনিটে রুম্মনের গোলে এগিয়ে যায় আবাহনী। ৬৫ মিনিটে বেলাল পেনাল্টি কর্নার থেকে ১-১ করেন। ম্যাচের বিরতির আগে ও পরে অন্তত দুবার টেলিভিশন রেফারেলের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে মাঠে দাঁড়িয়ে থাকে আবাহনী। আবার শেষ মিনিটেও পেনাল্টি কর্নারের দাবিতে না খেলে বসে থাকেন আবাহনীর খেলোয়াড়েরা। ওই সময় ডাগ-আউট থেকে আবাহনীর তানজিল আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে লাল কার্ড দেখেন।
এভাবে প্রতিনিয়ত আম্পায়ারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ঘটনায় ক্ষুব্ধ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ঊষার কোচ মামুনুর রশিদ, ‘এখন খেলার মধ্যে নৈতিকতা নষ্ট হয়ে গেছে। হারজিত মেনে নেওয়ার প্রবণতা কারও মধ্যেই নেই। মাঠে দাঁড়িয়ে এসব দেখতে খুবই খারাপ লাগে।’