তাহাদের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দেখায় মনে হবে, ঠিক যেন বলিউডের মশলাদার কোনো সিনেমা। রোমান্সে টইটম্বুর। সেলুলয়েডের প্রতিটা মিলিমিটারে উপচেপড়া আবেগ। যেন ভারত-পাকিস্তানের সীমান্তে দাঁড়িয়ে নায়ক আর নায়িকা। মাঝখানে কাঁটাতারের বেড়া, দুপাশে অস্ত্র উঁচিয়ে সতর্ক প্রহরী। এরই মাঝখানে অশ্রুসজল চোখে নায়ক-নায়িকা একে অন্যের কাছ থেকে নিচ্ছে বিদায়। আর কি দেখা হবে কখনো? সীমান্তের দুই দেশের ব্যাবধান ঘুচিয়ে কখনো কি মিলন হবে তাদের? কাট!এমনই একটা ছবি পরশু দেখল বিশ্বকাপ। হল্যান্ড দলের সৌজন্যে। জোহানেসবার্গের স্যান্ডটন হিলটন হোটেল ছেড়ে নতুন একটা হোটেলে উঠেছেন স্নাইডার-রোবেনরা। সেই সময় ক্ষণিকের তরে ডাচ ফুটবল তারকারা অনুমতি পেয়েছিলেন তাঁদের স্ত্রী আর বান্ধবীদের (ওয়াগ) সঙ্গে দেখা করার। সে এক আবেগঘন পরিবেশ। হোটেলের লবি আলো করে হাজির হয়েছিলেন ডাচ ওয়াগরা। এঁদের কেউ মডেল, কেউ অভিনেত্রী; তবে বেশির ভাগই সাধারণ একজন।ভাষার সাধ্য নেই তাঁদের সেই আবেগ বোঝায়। প্রিয় মানুষটির দেখা পেয়েই তাঁরা ছুটে গেছেন। বেঁধেছেন উষ্ণ আলিঙ্গনে। যেন কত জনম পর দেখা হলো দুজনার! আবার বিদায় নেওয়ার সময় হলো। মুখ ভার করে, বিরহ-বেদনায় পাথর চাপা দিয়ে ভালোবাসার চুম্বন এঁকে বিদায় জানালেন। ভালোবাসার মানুষটি যে এখন আর শুধু তাঁদের একার নয়; পুরো দেশের। ৩২ বছর পর হল্যান্ড উঠেছে ফাইনালে। আরাধ্য শিরোপা জেতার কঠিন চ্যালেঞ্জের সামনে। মাত্র তো আর কটা দিন! মুখবুজে এই বিরহ সয়ে যেতে হবে। কে জানে, বিনিময়ে ওই সোনালি ট্রফিটা তো আসতে পারে তাঁদেরই ঘরে!এমনিতে প্রতিটা বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে থাকে ইংলিশ ওয়াগরাই। থাকারই কথা। গড়পরতা ইংলিশ ফুটবল তারকাদের বেশির ভাগই বিয়ে বা প্রেম করেন তারকা মডেলদের সঙ্গেই। এ কারণে তাঁদের নিয়ে বিশ্ব মিডিয়ার আগ্রহের কারণে বাকি দেশের ওয়াগরা কল্কে পান না। এবার অবশ্য ক্যাপেলো-জমানায় খুব বেশি সুবিধে করতে পারেননি ইংলিশ ওয়াগরা। তার পরও ইংল্যান্ড সুপার ফ্লপ। আলোচনার কেন্দ্রে এখন ডাচ ওয়াগরাই।তবে ওয়াগ বলতে যেমন ফ্যাশন দুরস্ত, মেকআপের পলেস্তারা দেওয়া একঝাঁক তরুণীদের বোঝায়, হল্যান্ডের ওয়াগরা ঠিক সে রকম নন। চিন্তা-ভাবনা দর্শনে আর দশটা ফুটবল জাতির সঙ্গে বিস্তর ফারাক ডাচদের। উচ্চমার্গের দর্শনে বিশ্বাসী তাঁরা। জীবনাচরণেও সেটারই প্রভাব। বিখ্যাত ওয়াগ বলতে রাফায়েল ফন ডার ভার্টের স্ত্রী সিলভি। বেকহাম-ভিক্টোরিয়ার সঙ্গে তুলনা করে এঁদের বলা হয় হল্যান্ডের ‘পশ-বেক’ জুটি। সিলভি দেশটির খ্যাতনামা তারকাও। স্নাইডারের প্রেমিকা কাসবারজেনও খুবই জনপ্রিয়। ডাচ এফএইচএম সাময়িকীর ভোটে তিন তিনবার কাসবারজেন নির্বাচিত হয়েছেন সবচেয়ে যৌনাবেদনময়ী নারী হিসেবে।বাকিদের গল্পটা ঠিক বলিউডি নয়, ষাটের দশকের বাংলা সিনেমার মতো! আরিয়েন রোবেন যেমন বিয়ে করেছেন তাঁর শৈশবের বান্ধবীকেই। মার্ক ফন বোমেল আবার ডাচ কোচ বার্ট ফন মারউইকের জামাই। এঁদের মধ্যে সবচেয়ে আলাদা ডার্ক কিউটের স্ত্রী গার্টরুড। বড্ড সাদাসিধে জীবন যাপন করেন। জীবনটাই যেন উৎসর্গ করেছেন অন্যের সেবা করতে। মেয়ের জন্ম হওয়ার আগ পর্যন্ত নিজেকে সঁপে দিয়েছিলেন বৃদ্ধদের সেবায়। এখন কাজ করছেন ডার্ক কিউট ফাউন্ডেশন নিয়ে—অবহেলিত, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য যে ফাউন্ডেশন নিবেদিতপ্রাণ।