তাহাদের কথা
দুজনের কেউই পুরোদস্তুর স্ট্রাইকার নন। তার পরও গোল করাটা যেন তাঁদের কাছে ছেলেখেলা! লা লিগায় রিয়াল-বার্সা মহারণের মধ্যে সব সময়ই খণ্ডযুদ্ধ হয়ে থাকে রোনালদো-মেসি দ্বৈরথ। আজ রোনালদো হ্যাটট্রিক করছেন তো পরের ম্যাচেই জবাব দিচ্ছেন মেসি। গত মৌসুম থেকেই চলে আসছে লড়াইটা। গতবারই রিয়াল মাদ্রিদের রোনালদো ভেঙেছিলেন লা লিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ড। ছয়টি হ্যাটট্রিক করে একবারে দ্বিগুণ করে ফেলেছিলেন ১৯৩৫-৩৬ মৌসুমে ওভিয়েদোর ইসিদরো লাঙ্গারার করা তিন হ্যাটট্রিকের রেকর্ডটাকে।আর এবার ৩৮ ম্যাচের লিগে ২৩ ম্যাচ শেষ হতে না-হতেই গতবারের সমান ছয়টি হ্যাটট্রিক হয়ে গেছে রোনালদোর। গত পরশু মেসিও করে ফেললেন পঞ্চম হ্যাটট্রিক। ৭৫ বছর টিকে ছিল যে রেকর্ডটি, সেটি আবার ভেঙে যেতে বসেছে এক বছরের মধ্যেই। এবার লা লিগায় ১৭টি হ্যাটট্রিকের ১১টিই করেছেন এই দুজন, যার আটটিই আবার পিঠাপিঠি।গতবার লিগে ৪০ গোল করে লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন রোনালদো। এবার হুমকির মুখে এই রেকর্ডটিও। এবার এখনই রোনালদোর ২৮ গোল হয়ে গেছে, মেসিও করেছেন ২৭ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে মেসির গোলসংখ্যা হয়ে গেছে ৪২। এই নিয়ে টানা তৃতীয় মৌসুমে ৪০টির বেশি গোল করলেন এই আর্জেন্টাইন। ওয়েবসাইট।