তাহাদের ভবিষ্যদ্বাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহারণ শেষ হয়ে গেছে গত রাতেই। আর্জেন্টিনা, না জার্মানি? মারাকানায় শেষ হাসি কে হেসেছে পুরো পৃথিবীই জেনে গেছে এতক্ষণে। সেই ফাইনালের আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন নানা অঙ্গনের তারকারা। এবার আপনি মিলিয়ে দেখতে পারেন কার অনুমান খেটে গেল, কারটা খাটল না...। ফিফাডটকম অবলম্বনে।

অক্টোপাস পলকে পেলে ভালো হতো। কিন্তু কী আর করা, বেচারা তো আর নেই। তাই ফাইনাল নিয়ে আমার কোনো ভবিষ্যদ্বাণীও নেই।
শাকিরা
কলম্বিয়ান সংগীত মহাতারকা

দুটো কারণে আমি জার্মানিকে সমর্থন করব। প্রথমত, এ দলে আমার অনেক বন্ধু আছে। দ্বিতীয়ত, যেহেতু অনেক দিন ওখানে (জার্মানিতে) থেকেছি তাই আমার বাচ্চারাও দলটাকে পছন্দ করে। আশা করছি ভালো খেলা হবে কিন্তু জার্মানি ৩-১ গোলে জিতবে।
লুসিও
ব্রাজিলের সাবেক অধিনায়ক

আশা করছি, ফাইনালটাও পুরো টুর্নামেন্টের মতো অসাধারণ ও আনন্দদায়ী হবে। রাতের সেরা দলই জিতুক।
টিম ক্রাল
ডাচ গোলকিপার

মনে হচ্ছে জার্মানি জিতবে, তবে আর্জেন্টিনা জিতলেই বেশি ভালো লাগবে। এটা শুধু মেসির জন্য।
সিডনি গোভু
সাবেক ফ্রান্স ফরোয়ার্ড

আমরা সবাই ‘জানি’ জার্মানিরই জেতা উচিত। তারাই সবচেয়ে আক্রমণাত্মক ও কার্যকরী ফুটবল খেলেছে। তাদের জন্যই শুভকামনা। এটা বলার পরও বলছি মারাকানা থেকে মেসি ও আর্জেন্টিনা কাপ নিয়ে আসতে পারলে ভালোই লাগবে।
গ্যারি প্লেয়ার
গলফ ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়

জার্মানি ৩-১ গোলে জিতবে। শক্তিশালী মধ্যমাঠ ও মুলারই পার্থক্য গড়ে দেবে। যদিও মেসি গোল পাবে।
মাইকেল ভন
ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই আশা করছি। তবে সেট পিস থেকে গোল করেই জিতে যেতে পারে জার্মানি।
মিকায়েল সিলভেস্ত্রে
সাবেক ফরাসি ডিফেন্ডার