তাহিতিকে ফুটবল শেখাল নাইজেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরেই বেদন-বোনাসের আন্দোলনে উন্মাতাল নাইজেরীয় ফুটবল। প্রাপ্য বোনাস কমিয়ে দেওয়ায় কনফেডারেশনস কাপের জন্য ব্রাজিল সফরই বর্জন করার হুমকি দিয়ে রেখেছিলেন নাইজেরিয়া জাতীয় দলের ফুটবলাররা। সেই সমস্যা মিটিয়ে ম্যাচের মাত্র ৩৬ ঘণ্টা আগে ব্রাজিল পৌঁছেই বাজিমাত করল ‘সুপার ইগল’রা। আফ্রিকান চ্যাম্পিয়নদের সঙ্গে ওশেনিয়া চ্যাম্পিয়নদের পার্থক্যটা যে বিস্তর বেলে হরিজেন্তেতে কাল সেটাই প্রমাণিত হয়ে গেল। নাইজেরিয়ার কাছে ওশেনিয়া জয়ী তাহিতি হেরেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।

নামদি ওদুমানদি হ্যাটট্রিক করেছেন। স্ট্রাইকাররা হেলায় হারিয়েছেন আরও বেশ কয়েকটি সুযোগ। পুরো খেলায় পরিষ্কার আধিপত্য বিস্তার করে ফিফা র্যাঙ্কিংয়ের ১৩৮তম দল তাহিতিকে কাল নাইজেরিয়া চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, বিশ্ব পর্যায়ে লড়তে হলে আরও অনেক পথ পাড়ি দিতে হবে তাদের। ওদুমানদির তিন গোলের পাশাপাশি দুটি গোল উয়া এলডারসন এচিজিলের। তাহিতির জোনাথন তেহাউ কাল একটি স্মরণীয় দিনই কাটিয়েছেন। বিশ্ব পর্যায়ে দেশের পক্ষে প্রথম গোলটি তাঁর পা থেকে এলেও দলকে আরও একটি গোল বেশি খাওয়ানোতেও তিনি ‘অবদান’ রেখেছেন। নাইজেরিয়ার ছয়টি গোলের একটি যে এসেছে তেহাউর আত্মঘাতী পা থেকে!

খেলার শুরুতেই এলডারসন এচিজিলের গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। তবে এর আগে নাইজেরিয়ার গোলপোস্টে ম্যাচের প্রথম শটটি কিন্তু নিয়েছিলেন তাহিতির ভিনসেন্ট সিমন। এর পরই দুর্ভাগ্যজনকভাবে প্রথম গোলটি হজম করে তাহিতি। এচিজিলের শট প্রথমে জোনাথন তেহাউ ও পরে নিকোলাস ভালারের গায়ে লেগে বোকা বানায় তাহিতির গোলরক্ষক হাভিয়ের সামিমকে। গোলটি খুলে দেয় তাহিতির রক্ষণব্যুহের বদ্ধ দরজা। নাইজেরীয় ফরোয়ার্ডরা এর পর থেকেই গোলের নেশায় ঝাঁপাতে থাকেন দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই ছোট্ট দ্বীপের অনভিজ্ঞ রক্ষণে।

খেলার ১০ মিনিটের সময় নামদি ওদুমানদি নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন। ২৬ মিনিটে ওই ওদুমানদির আরও এক গোলে স্কোরশিট ৩-০ করে নাইজেরিয়া। প্রথমার্ধ শেষ হয় ওই তিন গোলের ব্যবধান রেখেই।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় অবশ্য ব্যবধান কমায় তাহিতি। গোল করেন জোনাথন তেহাউ। তেহাউর এই গোলটি বিশ্ব পর্যায়ের কোনো প্রতিযোগিতায় তাহিতির পক্ষে প্রথম গোল। তেহাউ অবশ্য ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করে দলকে পিছিয়ে দেন ৪-১ গোলে। নাইজেরিয়ার পক্ষে বাকি দুটি গোল আসে খেলার ৭৬ ও ৮০ মিনিটে। ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ওদুমানদি। ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এচিজিলে।

বড় ব্যবধানে কনফেডারেশনস কাপে নিজেদের প্রথম ম্যাচ হারলেও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণেই তৃপ্ত তাহিতি। খেলা শেষে ব্রাজিলীয় টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে দেশটির একমাত্র পেশাদারি ফুটবলার মারামা ভাহিরুয়া বলেছেন নিজের গর্বের কথা। তিনি বলেছেন, ‘ফল যা-ই হোক, নাইজেরিয়ার মতো দলের বিপক্ষে আমার দেশের ফুটবলাররা যে শেষ পর্যন্ত লড়ে গেছে, তাতেই তৃপ্ত আমি।’

ভাহিরুয়াকে আনন্দিত করছে আরও একটি ব্যাপার। ব্রাজিল টেলিভিশনে তিনি তা উল্লেখও করেছেন। প্রথমবারের মতো কনফেডারেশনস কাপে খেলতে এসে স্বাগতিক দর্শকদের কাছ থেকে যে দুর্দান্ত সমর্থন পাচ্ছেন তাঁরা। কাল স্টেডিয়ামে উপস্থিত হাজার বিশেক দর্শক গলা ফাটিয়ে চিত্কার করে গেছে দুর্বল তাহিতির পক্ষে। নাইজেরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও দর্শক-সমর্থনে কাল বড় ব্যবধানেই জিতে গেছে বিশ্ব ফুটবলের নবীন অতিথি তাহিতি। সূত্র: রয়টার্স, গোল ডটকম. স্টার স্পোর্টস।