
কী সুযোগই না হারালেন ফার্নান্দো তোরেস! তাহিতির সঙ্গে ৭৮ মিনিটে পেনাল্টিটা নষ্ট না করলেই তাঁর ৫ গোল হয়ে যায়। আর এই ম্যাচে পাঁচ গোল পেলে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাওয়ারই সম্ভাবনা ছিল তাঁর! আবার যে কবে স্পেনের প্রথম একাদশে সুযোগ কিংবা তাহিতির মতো প্রতিপক্ষ পাবেন, সেটার তো কোনো ঠিক নেই।
এক ম্যাচেই ৪ গোল করে তোরেস এ পর্যন্ত কনফেডারেশনস কাপের সর্বোচ্চ গোলদাতা। গোল্ডেন বুটের লড়াইয়ে তাঁর কাছাকাছি আছেন পরশু তাহিতির বিপক্ষেই হ্যাটট্রিক করা ডেভিড ভিয়াও। চার ও তিন মিলে সাত, সঙ্গে ডেভিড সিলভার দুই ও হুয়ান মাতার এক গোল। মজার ব্যাপার হলো তাহিতিকে ১০-০ গোলে উড়িয়ে দেওয়া স্পেনের এই দলটা সেরা একাদশ নয়। উরুগুয়ের সঙ্গে যে ১১ জন খেলেছেন তাঁদের মধ্যে শুধু সার্জিও রামোসকেই দেখা গেছে। বাকি ১০ জনই নতুন। এটা স্পেনের দ্বিতীয় দল এবং এই দলই জিতল স্পেনের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে। এর আগে ১৯৩৩ সালে এক প্রীতি ম্যাচে বুলগেরিয়ার সঙ্গে ১৩-০ এবং ১৯৮৩ সালে মাল্টার সঙ্গে ইউরোর বাছাইপর্বে ১২-১ গোলে জিতেছিল স্পেন। তবে ফিফা আয়োজিত কোনো টুর্নামেন্টের মূল পর্বে এটাই সবচেয়ে বড় জয়।
ফলাফল অবশ্য বলতে পারছে না মারাকানা স্টেডিয়ামে কী বিপুল সমর্থন পেয়েছিল তাহিতি। প্রায় ৭০ হাজার দর্শক ম্যাচের পুরোটা সময় সমর্থন দিয়ে গেছে তাহিতিকে। সেটা স্প্যানিশদের অপছন্দ করে নয়, বরং তাহিতিকে উৎসাহ জোগাতে। যতবার তাহিতির ফুটবলারদের পায়ে বল গেছে করতালি আর উচ্ছ্বাসে ভেসেছে গ্যালারি। জবাবে ম্যাচ শেষে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানিয়েছেন তাহিতি কোচ এডি এতায়েতাও, ‘আমাদের এই ম্যাচ জেতার কথা ছিল না। তবে আমরা ব্রাজিলিয়ান দর্শকদের মন জিতেছি। আমার তো মনে হয় তাহিতিতে আমরা যতটা জনপ্রিয় তার চেয়ে বেশি জনপ্রিয় এখন ব্রাজিলে।’
ম্যাচের সময় এবং ম্যাচের পরে স্টেডিয়ামের পরিবেশটা অবশ্য সে রকমই ছিল। তাহিতির ফুটবলারদের প্রতিটি পাসে গ্যালারি ফাটানো হাততালি তো পড়েছেই, একবার তাদের একজনকে ফাউল করে দর্শকদের দুয়োও শুনেছেন স্প্যানিশ মিডফিল্ডার সান্তি কাজোরলা। এমনকি ম্যাচ শেষেও তোরেস-ভিয়ারা গিয়ে ছবি তুলেছেন তাহিতির ফুটবলারদের সঙ্গে। যেন স্পেন নয়, তাহিতিই বিশ্ব চ্যাম্পিয়ন! তোরেস তো রীতিমতো ভক্ত হয়ে গেছেন তাহিতির, ‘ওরা অন্য দলগুলোর জন্য উদাহরণ। আমরা সহজেই জিতেছি বলে বলছি না, ওদের বিপক্ষে খেলাটা আসলেই আনন্দদায়ক। গোল খেয়েও ওরা শুরু থেকে শেষ পর্যন্ত হাসিমুখে খেলেছে।’ এই খেলোয়াড়সুলভ মানসিকতার প্রশংসা ছিল স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের কণ্ঠেও, ‘তাহিতি আসলেই উদার প্রতিপক্ষ। ওদের বিপক্ষে খেলাটা আমরা উপভোগ করেছি।’ এএফপি।
এত বড় ব্যবধানে হেরেও প্রতিপক্ষের কাছ থেকে এত প্রশংসা সম্ভবত ফুটবল ইতিহাসে খুব কম দলই পেয়েছে। কাল উরুগুয়ের বিপক্ষে শেষ ম্যাচেও ফলটা এ রকমই কিছু একটা হবে। এবং তারপর যথারীতি কনফেডারেশনস কাপ ও ব্রাজিল থেকে বিদায়। এসব জেনেও কোনো আফসোস নেই এতায়েতার। গ্রুপ পর্ব থেকে খালি হাতে ফিরে যাবে আরও অনেক দল। কিন্তু তাহিতি নয়।
পয়েন্টের খাতাটা হয়তো শূন্যই থাকবে কিন্তু ফুটবল