তাহিরের খেলা দেখতে যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিশ্বকাপের শেষের শুরু আজ। আমাদের প্রিয় দলটা আগেই বিদায় নিয়েছে। আজ বিশ্বকাপকেই বিদায় দেওয়ার পালা আয়োজক বাংলাদেশের। শুরুটা আমরা দারুণ করেছিলাম। ভারতের সঙ্গে উদ্বোধনী ম্যাচটা আমি বলব দুর্দান্তই ছিল। এর আগে আমরা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া উদ্বোধনী অনুষ্ঠানও করেছি। ১৭ ফেব্রুয়ারি যে উৎসব শুরু হয়েছিল, আজকের ম্যাচ দিয়ে সেটির সমাপ্তি হচ্ছে। এর পর থেকে আমরা আক্ষরিক অর্থেই টিভির দর্শক।এবার বিশ্বকাপে এই ম্যাচটাই সামনাসামনি দেখার শেষ সুযোগ আমাদের জন্য। আমি তাই প্রাণভরে উপভোগ করতে চাই। সত্যি বলতে কি, প্রথম কোয়ার্টার ফাইনালটি আমার একদমই মন ভরায়নি। কী প্রত্যাশা করেছিলাম, আর কী হলো! আজ সেই অতৃপ্তি ঘুচিয়ে দেওয়া একটা ম্যাচ চাই। পাব তো?সংশয়টা আছেই। আমি চাই দক্ষিণ আফ্রিকা আজ প্রথমে ব্যাটিং করুক। এমন বলছি না, নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করলে গত ম্যাচের মতো আজও ম্যাচের একটা ইনিংস শেষেই খেলাও প্রায় শেষ হয়ে যাবে। তবে নিশ্চয়তা পেতে চাইলে দক্ষিণ আফ্রিকার পক্ষেই বাজি ধরতে হবে। ওরা আজ আমার ফেবারিট।দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভালো খেলেছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ওদের কপালে ‘চোকার্সে’র কলঙ্কতিলক পরিয়ে দিয়েছিল, কিন্তু ভারতের বিপক্ষে আবার সেটি তারা মুছে ফেলেছে। পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণই এই বিশ্বকাপে আমার চোখে সবচেয়ে পরিপূর্ণ। পাকিস্তান তো একরকম তাদের পরিচিত কন্ডিশনেই খেলছে। তবে দক্ষিণ আফ্রিকা যে ভিন দেশে এসেও কন্ডিশনের সুবিধা নিতে পারছে, তার কারণ তাদের স্পিনাররা। গত ম্যাচে ডেল স্টেইনের বোলিংটা দেখতে পারিনি। একটা অতৃপ্তি আছে। আজ স্টেইনের বোলিং দেখার জন্য মুখিয়ে আছি। রস টেলরের ব্যাটিংটাও উপভোগ্য হবে। পাকিস্তানের বিপক্ষে যে ইনিংসটা সে খেলেছে, সেটা তো আর রোজ রোজ খেলা যায় না। তবে পুরো নিউজিল্যান্ড দল আজও টেলরের দিকে তাকিয়ে থাকবে। দলটা মনে হয় ওর ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।যদি সুনির্দিষ্টভাবে কারও নাম জানতে চান তাহলে বলব, আজ দুজনের খেলা দেখতে মাঠে যাব—ইমরান তাহির আর হাশিম আমলা। দুজনের শরীরেই এই উপমহাদেশের রক্ত। টানটা এ জন্য নয়। আমলা কিছুদিন ধরেই আমার প্রিয় ব্যাটসম্যান। আর লেগ স্পিনারদের বোলিং দেখতে সব সময়ই ভালো লাগে। অধিনায়ক থাকার সময় দলে একজন লেগ স্পিনারের অভাব সব সময়ই অনুভব করেছি। তাহির তো ক্ল্যাসিকাল লেগ স্পিনার। আমার মনে হয় এই বিশ্বকাপ লেগ স্পিন শিল্পটিকে আবার জাগিয়ে তুলল। তাহির তো আছেই, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিটিও কিন্তু লেগ স্পিনার।