তাড়া নেই জহিরের
হ্যামস্ট্রিং চোট নিয়ে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম দিনটায় মাঠ ছেড়েছিলেন জহির খান। সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন যেন ভারতের জয়-ভাগ্যও। পুরো সফরে ইংল্যান্ডকে হারাতে পারেনি ভারত। সেই ইংল্যান্ড এবার এসেছে ভারতে। কিন্তু এখনো মাঠের বাইরে জহির। তাঁকে ছাড়া ভারতের বোলিং আক্রমণের শক্তি যতই খর্ব হোক, তাড়াহুড়ো করে ফিরতে চান না বাঁহাতি পেসার। জানালেন, চোট থেকে সেরে উঠছেন ধীরগতিতে। তবে উন্নতি হচ্ছে।ভারতের বোলিং আক্রমণের মূল অস্ত্র এ বছর জিতেছেন অর্জুন পুরস্কার। পুনর্বাসনের জন্য ইংল্যান্ডে থাকায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে থাকতে পারেননি। পরশু তাই দিল্লিতে ক্রীড়ামন্ত্রী অজয় মাকেনের বাসভবনে গিয়ে গ্রহণ করছেন ক্রীড়ায় ভারতের সর্বোচ্চ খেতাব। চোটের অগ্রগতি নিয়ে কথা বললেন সেখানেই, ‘পুনর্বাসন প্রক্রিয়ার প্রথম ধাপটা ভালোভাবেই পার করেছি। এখন দ্বিতীয় ধাপ শুরু করেছি। শিগগিরই জাতীয় ক্রিকেট একাডেমিতে যাব। ধীরে হলেও ইতিবাচক উন্নতি হচ্ছে।’হ্যামস্ট্রিংয়ের পর গোড়ালিতেও চোট বাঁধিয়েছিলেন জহির। সেই চোটই মূলত দীর্ঘায়িত করছে তাঁর ফেরা। নির্বাচকদের আশা, আগামী মাসে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নয়তো অস্ট্রেলিয়া সফরের দলেই ফিরবেন জহির। তবে জহির নিজেকে কোনো সময় বেঁধে দিতে চান না, ‘গোড়ালির জোর পুরোপুরি ফিরে আসার পর আবার বোলিং শুরু করব। এরপর হয়তো দু-একটি ক্লাব ম্যাচ বা প্রথম শ্রেণীর ম্যাচ খেলব। অবশ্যই দ্রুত ফিরতে চাই। কারণ, সর্বোচ্চ পর্যায়ে খেলতে না পারাটা হতাশাজনক। তবে আমি নির্দিষ্ট সময় ঠিক করছি না। যা আমার নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়ে ভেবে লাভ নেই। ধৈর্য ধরতেই হবে।’অনেক দিন ধরেই ভারতের বোলিং আক্রমণের ‘অভিভাবক’ তিনি। দলের পেস আক্রমণ যেমন প্রায় একা সামলে আসছেন, তেমনি মাঠে দিকনির্দেশনা দেন অন্য বোলারদেরও। অনেকে এটাকে অনন্ত চাপ মনে করতে পারেন, জহির কিন্তু এত দায়িত্ব উপভোগই করেন, ‘আমাকে দলের সব সময়ই প্রয়োজন, এটা তো বড় একটা অনুপ্রেরণা। আমার ওপর অতিনির্ভরতা মোটেও কোনো চাপ নয়, বরং সবাই আমার কাছে এতটা প্রত্যাশা করে, এটা ভেবে তৃপ্তি পাই। আশা করি, খুব শিগগির আবার ওই ভূমিকায় ফিরতে পারব।’জহির নেই চোটের কারণে, আরেক অভিজ্ঞ বোলার হরভজন বাদ পড়েছেন বাজে ফর্মের কারণে। তবে জহিরের আশা, দ্রুতই আবার দলে ফিরবেন হরভজন, ‘দেশের হয়ে অসাধারণ সব পারফরম্যান্স আছে ভাজ্জির। ও এত ভালো বোলার যে খুব বেশি দিন বাইরে রাখা যাবে না। ওর ভেতরে বারুদ আছে, মানসিকভাবেও দারুণ শক্তিশালী। খুব শিগগির দলে ফিরবে।’ ওয়েবসাইট।