তাড়াহুড়ো করবেন না মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্জিও আগুয়েরো, রবিন ফন পার্সি, এডিনসন কাভানি, লুকাস মাউরা, গ্লেন জনসন, ব্রানিস্লাভ ইভানোভিচ, কাইল ওয়াকার, গ্যারেথ বেল, লুকাস পিসেক—নানা দেশের নানা ক্লাবের নানা পজিশনের সব ফুটবলার। তবে কিছুদিন ধরে একটা জায়গায় সবাই একই বন্ধনীতে। গ্রীষ্মের ট্রান্সফার বাজারে রিয়াল মাদ্রিদের চোখ এঁদের সবার দিকে! হোসে মরিনহো অবশ্য এসব গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না। দলে বড় কোনো পরিবর্তনের পক্ষেই নন রিয়াল কোচ।লা লিগা চ্যাম্পিয়নদের আগামী মৌসুমের সম্ভাব্য দল নিয়ে অনেক কাটাছেঁড়া চলছে সংবাদমাধ্যমে। গুজবের বাজারে মরিনহোর কাঙ্ক্ষিত ফুটবলারদের তালিকা যেমন প্রতিদিন লম্বা হচ্ছে, তেমনি শোনা যাচ্ছে হিগুয়েইন-কাকাদেরও ছেড়ে দেবেন রিয়াল কোচ। তবে জল্পনা-কল্পনা যতই থাকুক, দলে খুব বেশি পরিবর্তন চান না মরিনহো। জানালেন ট্রান্সফার বাজার নিয়ে তাঁর পরিকল্পনা, ‘পুরো নতুন চেহারার দল আমি মোটেও চাই না। দলের মানকে আরও উঁচুতে নিয়ে যাবে, এমন দু-একজনকে স্বাভাবিকভাবেই চাইব। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেব না।’হিগুয়েইনকে ছেড়ে দেওয়া তো দূরের কথা, উল্টো ‘রিলিজ ক্লজ’ বাড়িয়ে করেছে ১৫০ মিলিয়ন ইউরো। তবে কাকাকে নিয়ে যেন একটু সংশয়ও তাঁর কণ্ঠে, ‘আমি চাই গঞ্জালো (হিগুয়েইন) থেকে যাক, ক্লাব ও সমর্থকদেরও এটাই চাওয়া। ওই অঙ্কের শর্ত মেনে কেউ কিনতে চাইলে গঞ্জালো যেতে পারেন। না হলে আমি ওকে যেতে দেব না, কারণ বিশ্বসেরা সেন্টার ফরোয়ার্ডদের একজন। কাকা কিছু ম্যাচে দারুণ খেলেছে। কিছু ম্যাচের পারফরম্যান্সে আবার ও নিজে যেমন সন্তুষ্ট নয়, আমিও নই। তবে প্রয়োজনের মুহূর্তে ও নিজেকে উজাড় করে দিয়েছে এবং চোট বাধায়নি, এটাই সবচেয় গুরুত্বপূর্ণ।’ এএফপি।