তাড়াহুড়ো নেই নাদালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁটুর ইনজুরির উন্নতি হচ্ছে প্রত্যাশামতো। তবে কোর্টে ফেরার জন্য তিনি তাড়াহুড়ো করবেন না। ইনজুরি থেকে পুরোপুরি বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন রাফায়েল নাদাল।বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে ২৬ বছর বয়সী নাদাল জানিয়েছেন, বাঁ হাঁটুতে এখনো ব্যথা অনুভব করছেন তিনি। যখন এই সমস্যা থাকবে না, তখনই কেবল কোর্টে ফেরার কথা ভাববেন স্প্যানিশ এই টেনিস তারকা।‘যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। চিকিত্সকেরা যেভাবে বলছেন, প্রতিদিন তা-ই করছি। সত্যি বলতে, সবকিছু ভালোভাবেই এগিয়ে চলেছে। মূল ব্যাপার হলো, পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে। ভালোয় ভালোয় ইনজুরি থেকে বেরিয়ে আসাটাই আমার প্রথম চাওয়া। এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। তখনই কোর্টে ফিরব, যখন দেখব হাঁটুতে কোনো ব্যথা অনুভূত হচ্ছে না। এটা দুই, তিন, চার—যত সপ্তাহ লাগুক না কেন।’ বলেছেন পুরুষদের এককে ১১টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল।নাদাল বলেন, ‘২৬ বছর বয়স চলছে। খেলছি ১০ বছরের বেশি সময় ধরে। এ পর্যায়ে এসে নিজেকে ভাগ্যবানই মনে হয়। কারণ, হাঁটুর এই সমস্যা কয়েকটা বছরও কেড়ে নিতে পারত। আশা করছি, এবার ফেরার পর এটা আর আমাকে সমস্যায় ফেলবে না।’পুরুষদের টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড় নাদাল বলেন, ‘আরও বহু বছর খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী আমি। এখন যা চাই, তা হলো ইনজুরি থেকে ফিরে আসা এবং টেনিস চালিয়ে যাওয়া। টেনিসের জন্যই এখনো ভালো আছি।’নাদালের হাঁটুর ইনজুরিটা নতুন নয়। ১১ বছরের ক্যারিয়ারে বেশ কয়েকবার এ সমস্যায় ভুগেছেন তিনি। সর্বশেষ, গত জুনে, উইম্বলডন চলার সময় হাঁটুতে ব্যথা অনুভব করেন। এরপর কোনো প্রতিযোগিতায় দেখা যায়নি এই তারকাকে। লন্ডনে অলিম্পিক গেমসে অংশ নেননি, ইউএস ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করে নেন নাদাল।