তায়কোয়ান্দোতে চলছে ‘বক্সিং’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সোনা আনি দিব...।’ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মাহমুদুল ইসলামের (রানা) অমর উক্তি। কিন্তু ১৯৯৯ কাঠমান্ডু সাফ গেমসে সোনা আসেনি। তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক ওই ব্যর্থতার নানা অজুহাত দিয়েছিলেন। অবশেষে ২০০৬ কলম্বো সাফে সোনা এল। রানার মুখে কথা ফুটল, ‘সোনা তো আনি দিলাম...।’গত এসএ গেমসে ২টি সোনা। ওই ‘সাফল্যে’ তায়কোয়ান্দো ফেডারেশন পারলে আকাশে ওড়ে! কিন্তু ডানা দুটি এরপর খসে পড়ল। আর উড়তে পারছে না। বিকলাঙ্গ হয়ে মাটিতে পড়ে আছে!নতুন নির্বাহী কমিটি নিয়ে যত গোলমাল। এক বছর ধরে তায়কোয়ান্দোতে শুধু সভাপতি আছেন, কমিটি নেই! বছর খানেক আগে নির্বাচিত কমিটির মেয়াদ শেষে কুৎসিতভাবে ক্ষমতার লড়াই শুরু। তায়কোয়ান্দো নয়, এই ফেডারেশনে এখন চলছে ক্ষমতার দখলের ‘বক্সিং প্রতিযোগিতা!’এক পক্ষে রানা, খেলাটাকে এগিয়ে নিতে যাঁর অগ্রণী ভূমিকা আছে। প্রতিদ্বন্দ্বী হিসেবে সোলায়মান শিকদার নামে এক তরুণের আর্বিভাব। দুই পক্ষ দুটি কমিটি জমা দিয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। প্রতিমন্ত্রী ‘মিলিয়ে ঝিলিয়ে’ কমিটি করার পরামর্শ দেন। কিন্তু এক সিংহ তো আরেক সিংহের রাজত্ব মানে না! সুতরাং যুদ্ধ অনিবার্য।রানার হুংকার, ‘আমরা ওয়ার্ল্ড তায়কোয়ান্দো ফেডারেশন অনুমোদিত। এটার সদর দপ্তর কোরিয়ায়, অলিম্পিক অ্যাফিলিয়েটড। সোলেমানের তায়কুন্ডু আলাদা (আইটিএফ)। হাত পায়ের পায়ের প্রদর্শনী, কোনো ফাইট না। অনুমোদিতও নয়। তার কমিটি স্বীকৃতি পেতে পারে না।’‘ওই ছেলে আওয়ামী লিগ নেতাকে দিয়ে ফোন করায়। আমাকে একদিন ফোন দিয়েছিল, বললাম ডিস্টার্ব করো কেন? সে নিজেকে আইটিএফের প্রেসিডেন্ট দাবি করে। আমাদের ফেডারেশন থেকে ওকে বহিষ্কার করেছি, সে ফেডারেশনের সভাপতি হতে চেয়েছে প্রথমে, এখন চায় সেক্রেটারি হতে’—ক্ষুব্ধ কণ্ঠে বলে যান রানা। সোলেমান ছাড়ার পাত্র নন, যিনি উদিত হয়েছেন নানা মহলের আশীর্বাদ নিয়ে। তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে এটা জানা গেল, উত্তর কোরিয়া-ভিত্তিক তাঁর সংগঠনের কোনো অস্তিত্ব দৃশ্যমান নয় বাংলাদেশে। কোনো জাতীয় প্রতিযোগিতাও নেই এদের। জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদন দেয়নি।বলা হচ্ছে, সোলেমানের সংগঠনকে মূল তায়কোয়ান্দো ফেডারেশনের স্বীকৃতি দিলে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের তায়কোয়ান্দোকে আর সাহায্য করবে না। সেটা নাকি বলে দিয়েছেন ঢাকার কোরিয়ান রাষ্ট্রদূত।এ অবস্থায় তদবিরের ধাক্কায় ক্রীড়া প্রতিমন্ত্রী দ্বারস্থ হন বিদায়ী কমিটির সহসভাপতি মোরশেদ কামাল খানের, তাঁকে ফেডারেশন সভাপতির দায়িত্ব দিয়ে বলা হয়, একটা কমিটি করে জমা দিতে। রানাকে সাধারণ সম্পাদক এবং বিএনপিপন্থীদের বাদ দিয়ে সভাপতি কমিটি জমা দিয়েছেন, সেটাও বেশ কিছুদিন হয়ে গেল।সোলেমানদের দাবি, রানার নেতৃত্বে তায়কোয়ান্দো স্থবির। পরিবর্তন দরকার। শুনে তায়কোয়ান্দোর একজন ব্যঙ্গ করলেন, ‘আমাদের ফেডারেশন আমরা চালাব। সে নাক গলাবে কেন?’ফেডারেশন সভাপতি বললেন, ‘কমিটি জমা দিয়ে রেখেছি। বোধহয় একটু চেঞ্জ হতে পারে। মন্ত্রী ডেকেছেন। শিগগিরই সব ঠিক হয়ে যাবে।’ গোলমালের ব্যাপারে তাঁর কথা, ‘আসলে অনেকে কমিটিতে আসতে চায় তো...। এটা বড় কোনো সমস্যা নয়। ঠিক হয়ে যাবে।’এক বছর একটা ফেডারেশনে কমিটি নেই। ক্রীড়াঙ্গন থেকে নির্বাচন নির্বাসনে পাঠিয়ে অন্য ফেডারেশনগুলোয় অন্তর্বর্তীকালীন কমিটি করা হয়েছে, ঝঞ্ঝাবিক্ষুব্ধ তায়কোয়ান্দোতে সেটিও সম্ভব হয়নি! এই অশুভ ছায়া থেকে কবে মুক্ত হবে ক্রীড়াঙ্গন?