তায়কোয়ান্দোতে দুই সোনা বিজেএমসির
নির্মাণশ্রমিক বাবা মেয়েকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন। বাবা চান, মেয়ে খেলাধুলা করে অনেক সুনাম বয়ে আনুক। রাজশাহী স্টেডিয়ামপাড়ার মেয়ে পিংকি খাতুন বাবার স্বপ্নের সিঁড়ি বেয়ে এগিয়ে যাওয়ার পথে কাল পেরোলেন প্রথম ধাপটা। অষ্টম বাংলাদেশ গেমসের তায়কোয়ান্দোর অনূর্ধ্ব-৪৬ কেজিতে জিতলেন প্রথম সোনা। পিংকি হারিয়েছেন বিজেএমসির সুমাইয়া ইমরোজকে। বাংলাদেশ গেমসে খেলতে এসে কেমন যেন বিস্ময়ের ঘোরে আছেন পিংকি, ‘এত বড় আসরে আগে কখনো খেলিনি। আমার খুবই ভালো লাগছে। বেশি ভালো লাগছে সোনা জিতেছি বলে। আমার পদকটি বাবাকেই উৎসর্গ করেছি।’ পুলিশ হওয়ার ইচ্ছা নিয়ে খেলছেন পিংকি, ‘আমার স্যার আমাকে বলেছেন, তায়কোয়ান্দো খেললে পুলিশ হওয়া যাবে। তাই আমি তায়কোয়ান্দো খেলছি।’ কাল প্রথম সোনা রাজশাহী নিলেও পরের দুটিই জিতেছেন বিজেএমসির মেয়েরা। অনূর্ধ্ব-৪৯ কেজি ওজন শ্রেণীতে রাজশাহীর জান্নাতুল সুলতানাকে হারিয়ে সোনা জিতেছেন বিজেএমসির ফাতিহা উম্মুন ইসলাম। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন কুমিল্লার সৈয়দা ঝুমা রেজা ও গাজীপুরের জান্নাতুল মাভিয়া। অনূর্ধ্ব-৫৩ কেজিতে বিজেএমসির মার্জিয়া হারিয়েছেন রাজশাহীর তাসকিনা জেরিন আলমকে। ব্রোঞ্জ উঠেছে চট্টগ্রামের সাবরিনা জাহান তানজিলা ও রাজশাহীর মৌসুমীর গলায়। ফুটবলে দুটি ম্যাচই ড্র: বাংলাদেশ গেমসের কালকের দুটি ম্যাচই ড্র হয়েছে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল মৌলভীবাজার জেলা ২-২ গোলে ড্র করেছে বরিশালের সঙ্গে। বিকেএসপি ও মানিকগঞ্জের ম্যাচটি হয়েছে গোলশূন্য। মহিলা হ্যান্ডবল: পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে দ্বিতীয় দিনে মহিলা বিভাগে ঢাকা ২৯-৪ গোলে হারিয়েছে রংপুরকে। আনসার ৩৪-১ গোলে কুষ্টিয়াকে ও বিজেএমসি ২৫-৫ গোলে রাজশাহী জেলাকে হারিয়েছে।টেবিল টেনিস: টিটিতে পুরুষ দলগত ফাইনালে উঠেছে আনসার ও চট্টগ্রাম। মহিলা এককে জিতেছেন ঢাকার সীমা, আঁখি, নাহিমা, নড়াইলের ঐশী, তুষি, রংপুরের তুরবিনা, রহিমা, পাবনার মৌ।