তায়কোয়ান্দোতে লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের জন্য নামকাওয়াস্তে অনুশীলনের ফল পেল বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার মুজুতে গত ২৬ থেকে ৩০ জুন হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে হয়েছে ভরাডুবি।

তিনজনের বাংলাদেশ দলের শুধু মিজানুর রহমানই খেলায় অংশ নিতে পেরেছেন। কিন্তু প্রথম পর্বে ৮৭ কেজি হেভিওয়েট ওজন শ্রেণিতে ৩-২৪ পয়েন্টের ব্যবধানে উড়ে গেছেন ইউক্রেনের মিখাইলো সেলেস্টের কাছে। সাদমান সাকিফ ইসলাম ডিসকোয়ালিফাইড হয়েছেন। জানা গেছে, ৬৮ কেজিতে খেলানোর জন্য তাঁর নাম নিবন্ধন করা হয়েছিল। কিন্তু কোরিয়ায় খেলতে নামার আগে ওজন মেপে দেখা যায় প্রতিযোগিতার তুলনায় অনেক বেশি ওজন সাদমানের। তাই ডিসকোয়ালিফাইড! আরেক খেলোয়াড় ইমতিয়াজ হোসেন কোরিয়া গিয়েও খেলায় নাকি অংশই নিতে পারেননি।

কোরিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনেকটা নীরবেই ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। কিন্তু ফেসবুকে ঠিকই সরব উপস্থিতি দেখা গেছে ফেডারেশন সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলামের! ক্ষণে ক্ষণে ছবি আপলোড করছেন বিশ্ব তায়কোয়ান্দো ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে। অথচ খেলোয়াড়দের কোনো সংবাদ বা খেলার ফল জানাতেই যত অনাগ্রহ এই কর্মকর্তার!