তিউনিসিয়ার কোচ হচ্ছেন ডমেনেখ!
প্রায় সাড়ে পাঁচ বছর ধরে ফ্রান্সের দায়িত্বে আছেন তিনি। এ দীর্ঘ সময়ে গণমাধ্যমের শিরোনাম না হলেও এ সপ্তাহে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেমন্ড ডমেনেখ। ফ্রান্সের মিডিয়াগুলোর দাবি, বিশ্বকাপের পর তিউনিসিয়ার দায়িত্ব নিতে যাচ্ছেন ডমেনেখ। তবে প্রকাশিত এ খবর প্রত্যাখ্যান করেছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন।২০১৪ সালের বিশ্বকাপের বাছাইপর্বের বাধা টপকাতে ভালো একজন কোচের খোঁজ করছে তিউনিসিয়া। ফ্রান্সের গণমাধ্যমগুলোর দাবি, সম্প্রতি তিউনিসিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আলী হাফসি ফ্রান্সে এসে ডমেনেখের সঙ্গে দেখা করেন। তাঁদের আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। বিশ্বকাপ শেষ হলে ৫৮ বছর বয়সী ডমেনেখ তিউনিসিয়ার দায়িত্ব নিতে যাচ্ছেন। এ খবর প্রত্যাখ্যান করে তিউনিসিয়া ফুটবল ফেডারেশনের মুখপাত্র আনোয়ার হাদ্দাদ বলেন, ‘যা বলা হচ্ছে তা সঠিক নয়। আমাদের পরবর্তী কোচ একজন ফরাসির হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ। হাফসি ফ্রান্সে গিয়ে তাই কয়েকজন কোচের সঙ্গে কথা বলেছেন। তবে ডমেনেখের সঙ্গে নয়।’ এর পরই হাদ্দাদ যোগ করেন, ‘আমরা চাইলেই কাউকে কোচের দায়িত্ব দিয়ে দিতে পারি না। ক্রীড়ামন্ত্রী ও আলী হাফসি মিলে কোচ নির্ধারণ করবেন। আমরা কেবল কাউকে প্রস্তাব দিতে পারি। তবে এখন পর্যন্ত আমি বলতে পারি, ডমেনেখে আমাদের কোচ হচ্ছেন না।'