তিক্ততায় বিদায় ইয়োবোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার সর্বকালের সেরা ফুটবলারদের একজন। ১৩ বছর ধরে সামলেছেন দেশের রক্ষণভাগ। প্রথম নাইজেরিয়ান হিসেবে দেশের হয়ে পরশু খেলতে নেমেছিলেন শততম ম্যাচ। কিন্তু জোসেফ ইয়োবোর গৌরবময় অর্জনের আনন্দ হারিয়ে গেল বিষাদের ছায়ায়। দল হেরেছে ফ্রান্সের কাছে। আর আত্মঘাতী গোল করে দলের সম্ভাবনার কফিনে শেষ পেরেক ঠুকেছেন তিনিই। নাইজেরিয়ার বিশ্বকাপ অভিযান শেষ, সমাপ্তি ইয়োবোর ক্যারিয়ারও। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ম্যাচশেষে। ড্রেসিংরুমে আবেগময় বক্তৃতায় কেঁদেছেন নিজে, কাঁদিয়েছেন সতীর্থদের। যন্ত্রণাক্লিষ্ট হাসিতে পরে সংবাদমাধ্যমে বলেছেন, ‘বিদায়টা অন্য রকম হলেই ভালো লাগত!’