তিন অঘটনের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিনে আবাহনী, মোহামেডান আর বিমানের হার! প্রিমিয়ার লিগে এমন অঘটনের দিন এসেছে খুব কমই। এসব অঘটন বদলে দিয়েছে শিরোপা লড়াইয়ের মেজাজটাও। কাল আবাহনীকে ৫ উইকেটে হারিয়ে গাজী ট্যাংকের হাতে পয়েন্ট জমেছে ২২, সমান পয়েন্ট আবাহনীরও। মুখোমুখি লড়াইয়েও দুই দলের জয়-পরাজয় সমান, তবে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে এখন গাজী। আবাহনীর হারের দিনে ওল্ড ডিওএইচএসকে হারাতে পারেনি মোহামেডানও। ১২ রানের হারে ১৯ পয়েন্টেই থেকে গেছে তারা। ১৮ পয়েন্ট নিয়ে ঠিক পরেই ওল্ড ডিওএইচএস। দিনের আরেক ম্যাচে সিসিএসের কাছে ৮৩ রানে হেরেছে বিমান।বিকেএসপিতে আবাহনীর সম্ভাবনা শেষ করে দিয়েছেন আসলে তাদের ব্যাটসম্যানরাই। ৪৯ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে ১১৭ রানের দারুণ একটা জুটি গড়েছিলেন মার্শাল আইয়ুব ও রজত ভাটিয়া। কিন্তু মাত্র ৪৮ রানে শেষ ৬ উইকেট হারিয়ে আবাহনী তুলতে পারে সাকল্যে ২১৮।গাজীর শুরুটাও ছিল আবাহনীর মতো, ৩৫ রানে নেই ৩ উইকেট। কিন্তু গাজীর ছিলেন একজন নাসির হোসেন। চতুর্থ উইকেটে সানজামুলকে নিয়ে ৬৫ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় ঠেকান, অলক কাপালির সঙ্গে ৮২ রানের জুটিতে দলকে নিয়ে যান জয়ের দিকে। অলকের রানআউটে এই জুটি ভাঙলেও ১২২ বলে ১০২ রান করে দলকে জিতিয়েই ফেরেন নাসির।ঢাকা লিগে অবশেষে বড় রানের দেখা পেয়েছেন শোয়েব মালিক। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়কের ১০৩ বলে ১১১ রানও পারেনি দলকে জেতাতে। রাজশাহীতে ওল্ড ডিওএইচএসের ২৭৯ রান তাড়া করতে নেমে ৮৩ রানের উদ্বোধনী জুটি গড়েন নাজিমউদ্দিন-শোয়েব। তবে এই জুটি ভাঙার পর উইকেট পড়েছে নিয়মিত। ৬ উইকেট নিয়ে লেগ স্পিনার তানভীর হায়দার বলতে গেলে একাই শেষ করে দিয়েছেন মোহামেডানের ইনিংস। এর আগে ওল্ড ডিওএইচএসকে জেতার মতো রান এনে দেওয়ার কৃতিত্ব আফতাব আহমেদের। অনেক দিন পর নিজেকে মনে করিয়ে দেওয়া ইনিংস খেলেছেন আফতাব, দুই ছক্কা আর ছয় বাউন্ডারিতে ৮৪ করেছেন ৮৩ বলে। বগুড়ায় অমিত মজুমদার (৮৪) ও শুভাগত হোমের (৭৯) ১০৮ রানের দ্বিতীয় উইকেট জুটি আর সুলেমান-নাজমুলের ১০ ওভারের ঝড়ে ৩২৩ রানের পাহাড়ে ওঠে সিসিএস। ৩১ বলে ৫৬ করেন সুলেমান, ৩৬ বলে ৬১ নাজমুল, শেষ ১০ ওভারে সিসিএস ১১১! বিমানের অভিষেক মিত্র ও তুষার ইমরান দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়লেও রানের গতির সঙ্গে পাল্লা দিতে পারেননি। ৬৫ বলে ৮৪ করে সেই চেষ্টা করেছিলেন জহুরুল ইসলাম, তবে শেষ পর্যন্ত দলকে কাছাকাছিও নিয়ে যেতে পারেননি।