তিন অধিনায়কের দল জয়ী
একসময় অধিনায়ক ছিলেন। এখন অন্য অধিনায়কের অধীনে খেলতে কেমন লাগছে? খেলোয়াড়ি জীবনে হলে কাল আকরাম খান আর নাঈমুর রহমানকে এই প্রশ্নটা শুনতেই হতো। আর ফারুক আহমেদকে হয়তো শুনতে হতো, ‘আপনার দলে তো দুজন অধিনায়ক, এঁদের কীভাবে সামলাচ্ছেন?’ বিচ ক্রিকেটে এই তিন সাবেক অধিনায়কই যে খেলছেন এক দলে! সেই দল র্যামবেলার্সের অধিনায়ক ফারুক আহমেদ।কাল অবশ্য এ ধরনের কোনো প্রশ্ন শুনতে হয়নি তাঁদের কাউকেই। মজার ক্রিকেটে এসব প্রশ্ন আবার কেউ করে নাকি! তবে একটি প্রশ্ন শুনতে হয়েছে—কত দিন পর আবার একসঙ্গে মাঠে নামলেন আপনারা? ফারুক আহমেদ নাঈমুরের সঙ্গে সর্বশেষ খেলার স্মৃতিটা রোমন্থন করে বললেন, ‘প্রায় ১১ বছর। সেই ১৯৯৯ বিশ্বকাপে দুর্জয়ের (নাঈমুর রহমান) সঙ্গে খেলেছিলাম। এরপর আর নয়।’স্মৃতি প্রতারক হয়ে ধরা দিয়েছে আকরামের কাছে। মনে করার অনেক চেষ্টা করেও পরে বললেন, ‘তা অনেক দিন হবে।’ ফারুক আহমেদ এখন ব্যবসা-ট্যাবসা নিয়ে অনেক ব্যস্ত। ক্রিকেট মাঠে আর যাওয়া হয় না। নাঈমুর কিছুদিন আগেও মাঠে যেতেন। খেলার জন্য নয়, নির্বাচক হিসেবে খেলোয়াড় বাছতে, যে ভূমিকায় আকরাম খান এখনো মাঠে যান। তবে ব্যাট-বল হাতে অনেক দিন পর মাঠে নেমে পড়তে পারায় তিনজনই খুব উৎফুল্ল।জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক উৎফুল্ল আরও একটা কারণে। কাল মিলেনিয়ামের সঙ্গে দুই ম্যাচের একটিতে হেরেও ওয়েকা বিচ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে তাঁদের দল।রেনেগেডস ও এফইউসিসির বিপক্ষে দুটি ম্যাচই জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে কমনওয়েলথও। একটি করে জয় পেয়েছে রেনেগেডস, এফইউসিসি, ক্যাভেলিয়ার্স ও জি-টিম।