তিন অধিনায়কের দলই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলা ভেঙে গেলে বুকের মধ্যে অন্যরকম একটা শূন্যতা তৈরি হয়। কনে বিদায়ের পর বিয়েবাড়িটা কেমন খালি খালি লাগে। কাল ভেঙে গেল কক্সবাজার উপকূলে বসা ক্রিকেট মেলা। কিন্তু যাঁরা খেলতে এসেছেন, সেই সাবেক খেলোয়াড়েরা শূন্যতা অনুভব করছেন না মোটেই! তাঁরা গুনতে শুরু করেছেন আগামী বছরের বিচ ক্রিকেটের ক্ষণ।কাল ফাইনালে সাবেক তিন অধিনায়ক আকরাম খান, ফারুক আহমেদ ও নাঈমুর রহমানের র্যা ম্বলার্সের কাছে ৩ উইকেটে হেরে রানার্সআপ হয়েছে আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদের দল ক্রিকেটার্স। তাতে কী? খালেদ মাহমুদের মুখ থেকে হাসি থামতেই চাইছিল না। তাঁর একটুও মন খারাপ হয়নি। মাহমুদ বরং আগামী বছরের মেলার ক্ষণগণনা শুরু করে দিয়েছেন, ‘খারাপ লাগবে কেন? এটা তো মজার খেলা। হেরে গেছি, কিন্তু মজা তো করেছি। আগামী বছর আবার আসব। এই অপেক্ষা শুরু করে দিয়েছি।’আগামী বছরের জন্য অপেক্ষা আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশারেরও। এবার তিনি খেলেননি। কক্সবাজার এসেছেন ধারাভাষ্যকার হিসেবে। ফাইনাল শেষে বলেছেন, ‘খুব মজা করেছি। গতবারের চেয়ে এবারের আয়োজনটা গোছানো হয়েছে।’হাবিবুল সত্যিই অনেক মজা করেছেন। কাল পুরস্কার বিতরণী শেষ হতে না-হতেই ছেলে অহনকে নিয়ে নেমে পড়েছেন বঙ্গোপসাগরে। বাবা-ছেলে মিলে করলেন সমুদ্রস্নান। সাগরে নেমেছেন আরও অনেক সাবেক খেলোয়াড়ই। কেউ কেউ শেষ বিকেলের মৃদু আলোয় সমুদ্রস্নান করতে গেছেন বিচ ক্রিকেট থেকেও কিছু অর্জনের হাসি নিয়ে। ৮ বলে ১টি চার ও ৫টি ছয়ে অপরাজিত ৩৫ রান করা নাঈমুর পেয়েছেন ফাইনালের ম্যাচ-সেরার পুরস্কার। ব্যাট-বলে চৌকস নৈপুণ্য দেখানো (১০১ রান ও ৬ উইকেট) মিনহাজ আহমেদ হয়েছেন টুর্নামেন্ট-সেরা।এর বাইরেও তিনটি পুরস্কার দেওয়া হয়েছে। আম্পায়ার এসএ আহাদ ঝুনু ও সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালা এবং কোচ সৈয়দ আলতাফ হোসেন পেয়েছেন আজীবন সম্মাননা পুরস্কার। পুরস্কার সনদের সঙ্গে তিনজনকেই দেওয়া হবে ১ লাখ করে টাকা।