তিন কোচের পদত্যাগ
২০১৪ বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ায় উৎসব চলছে কোথাও। আবার কোথাও বাছাইপর্ব থেকে ঝরে যাওয়ায় বাজছে বেদনার করুণ সুর। সেটা আরও বিষাদময় হয়ে উঠেছে বেশ কয়েকজন কোচের পদত্যাগে। দলকে বিশ্বকাপে তুলতে না-পারার ব্যর্থতা নিয়ে পরশু রাতে সরে দাঁড়িয়েছেন চেক প্রজাতন্ত্র, আয়ারল্যান্ড আর উজবেকিস্তানের কোচ।
ইতালির কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে চেক প্রজাতন্ত্রের। হারের পরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন কোচ মিকাল বিলেক। বাছাইপর্বে সুইডেন আর অস্ট্রিয়ার কাছে পরপর দুই ম্যাচে হারের পর পরশু পদত্যাগ করেছেন আয়ারল্যান্ডের কোচ জিওভান্নি ত্রাপাত্তোনিও। তবে বিদায়টা সবচেয়ে হূদয়বিদারক উজবেকিস্তান কোচ মিরজালাল কাশিমভের। এশিয়া অঞ্চলের প্লে-অফে জর্ডানের সঙ্গে প্রথম লেগে ১-১ ড্র করেছিল উজবেকরা। পরশু দ্বিতীয় লেগে নিজেদের মাঠে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়েছে ১-১ সমতায়। শেষ পর্যন্ত ম্যারাথন পেনাল্টি শ্যুট আউটে জর্ডান জিতেছে ৯-৮ ব্যবধানে। সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নষ্ট করার পর এবার প্লে-অফ থেকেও বাদ হয়ে যাওয়ায় দায় নিয়ে সরে দাঁড়িয়েছেন উজবেকিস্তানের কোচ। পেনাল্টিতে জিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম দলের সঙ্গে প্লে-অফ নিশ্চিত করেছে জর্ডান। এএফপি।