তিন ক্রিকেটারের একাডেমি কাপ
উদ্যোগটা ব্যতিক্রমী। সারা বছর যে ক্রিকেটাররা বিভিন্ন একাডেমিতে অনুশীলন করেন, তাঁদের টুর্নামেন্টে খেলার সুযোগ করে দিয়েছেন জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার হাবিবুল বাশার, সানোয়ার হোসেন ও হাসানুজ্জামান।
মিরপুর সিটি ক্লাব মাঠে ৯ থেকে ১২ মার্চ হবে একাডেমি কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আট দলের নক-আউট টুর্নামেন্টে খেলবে বডি লাইন, ডিসকভারি, ইনডোর, সিটি ক্লাব, সিরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমি, লার্ন, টি কে স্পোর্টস ও নারায়ণগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি।
ক্রিকেটারদের উৎসাহ দিতে প্রতিটি দলে থাকছেন একজন করে আইকন ক্রিকেটার। তাঁরা হলেন অলক কাপালি, ইলিয়াস সানি, তালহা জুবায়ের, মেহরাব জুনিয়র, শরীফউল্লাহ, তারেক আজিজ, মোহাম্মদ শরীফ ও সৈয়দ রাসেল। খেলবেন প্রিমিয়ার লিগেরও একাধিক ক্রিকেটার। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ফোর এইচ গ্রুপ। গ্রুপ পর্বের কয়েকটি ম্যাচসহ সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি। টুর্নামেন্টের মিডিয়া পার্টনারও এই চ্যানেল।
বাংলাদেশ ক্রিকেট একাডেমি কাপের সভাপতি হাবিবুল বাশার এই উদ্যোগকে দেখছেন নতুনদের জন্য বড় সুযোগ হিসেবে, ‘ক্রিকেট একাডেমিগুলোতে সারা বছর ধরে অনেক ছেলে শুধু অনুশীলনই করে। কিন্তু কখনোই কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ পায় না। ওদের সুযোগ করে দিতেই আমরা এমন একটি উদ্যোগ নিয়েছি।’
জাতীয় দলের স্পিনার ইলিয়াস সানি এই ক্রিকেট একাডেমিরই আবিষ্কার। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বলছেন, ‘ভবিষ্যতের তারকা তৈরির সুযোগ হতে পারে এই টুর্নামেন্ট। এখান থেকে আমরা বয়সভিত্তিক জাতীয় অনূর্ধ্ব-২২ দলের জন্য ক্রিকেটার বেছে নিতে পারি।’
রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের নানা দিক তুলে ধরেন বাংলাদেশ একাডেমি কাপের সহসভাপতি সানোয়ার হোসেন। উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান, জাভেদ ওমর ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপের কর্মকর্তা তারিক উল হক।