তিন গোলে জিতেও বাদ আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বাঁশি বাজতেই আর্সেনালের খেলোয়াড়েরা কেউ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন নিস্তব্ধ, কেউ হতাশায় শুয়ে পড়লেন মাটিতে। অথচ পরশু এমিরেটসে আর্সেনালই জিতেছে! জয়টাও বড়, ৩-০ গোলে। ফুটবল কখনো কখনো বড় নিষ্ঠুর। আবার স্বস্তিরও। ডাগ-আউটে পুরো ম্যাচেই ছটফট করা মাসিমিলিয়ানো অ্যালেগ্রি যেমন শেষ বাঁশি বাজতেই ফেললেন স্বস্তির নিঃশ্বাস। যেন বুক থেকে পাথর নেমে গেল!আসলেই তাই। শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে জিতেছিল এসি মিলান। পরশু ফিরতি লেগে ০-৩ গোলের হারের পরও তাই সামগ্রিকভাবে ৪-৩ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের শেষ আটে অ্যালেগ্রির মিলান।অথচ আর্সেনাল আরেকটু হলে ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্পটিই লিখে ফেলছিল প্রায়। না লিখতে পারার দায় রবিন ফন পার্সির। মৌসুমজুড়েই দুর্দান্ত ফর্মে আর্সেনাল অধিনায়ক কঠিন সব সুযোগ থেকেও গোল করছেন। কিন্তু এই পার্সিই পরশু নষ্ট করলেন গোলের সহজতম সুযোগ।চার গোলের ব্যবধান ঘুচিয়ে এগোনোটা প্রায় অসম্ভব। কিন্তু চ্যালেঞ্জটা নিয়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। কোসায়েলনি, রসিস্কি ও ফন পার্সির পেনাল্টি গোলে প্রথমার্ধেই আর্সেনাল এগিয়ে যায় ৩-০-তে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পার্সির গোলটি হলেই হতো। ৪-৪ গোলে সমতা আসে। সে ক্ষেত্রে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে ম্যাচ জেতার সুযোগ থাকত। কিন্তু ক্ষণিকের ভুলে গোল করতে পারলেন না পার্সি। ফাঁকায় বল পাওয়া পার্সি বলটি টোকা দিয়ে গোলরক্ষকের ওপর দিয়ে পাঠাতে চাইলেন। কিন্তু মিলানের গোলরক্ষক ক্রিস্টিয়ানো আবিয়াতি দুর্দান্তভাবে রুখে দেন পার্সির চেষ্টা।তবে দল যা করেছে তাতেই খুশি ওয়েঙ্গার, ‘এই পারফরম্যান্সের জন্য তাদের গর্বই হওয়া উচিত। দলের মনোবল ছিল চমৎকার এবং প্রথম ম্যাচের পর তারা তাদের লড়াকু মনোভাবটা দেখিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা বাদ পড়ে গেলাম। একটা গোলের সুযোগ আমাদের ছিল। তবে আমরা জয়ের ধারাটা ধরে রেখেছি, এটাই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটারই মূল্য দিতে হয়েছে আমাদের।’অতীত স্মরণ করেই হয়তো মিলান কোচের ভয়টা ছিল বেশি। ২০০৪ সালে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে স্পেনের দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে প্রথম লেগে ৪-১ গোলে জিতেও বাদ পড়েছিল মিলান। ২০০৫-এর ফাইনালে লিভারপুলের বিপক্ষে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে গিয়েও পরাজয় তো ফুটবল রূপকথার অংশ। দলের হতাশাজনক পারফরম্যান্স স্বীকার করেও অ্যালেগ্রি ছিলেন উচ্ছ্বসিত, ‘আমি খুব খুশি। কারণ আমাদের লক্ষ্যই ছিল কোয়ার্টার ফাইনালে যাওয়া। সেটা আমরা পেরেছি।’আর্সেনাল না পারলেও পেরেছে বেনফিকা। প্রথম লেগে জেনিত সেন্ট পিটার্সবার্গের মাঠে ৩-২ গোলে হেরেছিল। পরশু ফিরতি লেগে রাশিয়ার চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে সামগ্রিকভাবে ৪-৩ গোলের অগ্রগামিতা নিয়ে শেষ আটে উঠে গেছে পর্তুগিজ ক্লাবটি। রয়টার্স।