তিন চেষ্টায় রোনালদোকে পেলেন সাংবাদিক

ম্যাচ শেষ, ইতিহাস গড়া হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের ‘লা ডেসিমা’র অন্যতম স্বপ্নসারথি ক্রিস্টিয়ানো রোনালদো হেঁটে যাচ্ছেন চোখের সামনে দিয়ে। স্কাই স্পোর্টসের সাংবাদিক অ্যান্ডি বার্টন রোনালদোর মুখে প্রতিক্রিয়া শুনতে ব্যাকুল। সিআর সেভেন দ্রুত হেঁটে চলেছেন। প্রথমবার ডাক দিলেন ইংল্যান্ডের স্কাই স্পোর্টসের সাংবাদিক পরিচয় দিয়ে। রোনালদো এক সময় ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন, এ কারণে ‘ইংল্যান্ড থেকে এসেছি’ বলে পটানোরও চেষ্টা করলেন। কিন্তু কাজ হলো না। আলতো একটা টোকা মেরে চলে গেলেন সিআর সেভেন। দ্বিতীয়বারও একই অনুরোধ। রোনালদো তবুও নিস্পৃহ। কিন্তু বার্টনও নাছোড়। লেগে থাকলেন। তৃতীয়বার বললেন, ‘আমি কিন্তু এখনো আছি।’ এতে কাজ হলো। এবার রোনালদো আর ‘না’ করতে পারলেন না। সাংবাদিকের সামনে এসে নানা প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন।
সিআর সেভেন বললেন, ‘এটি অসাধারণ এক রাত ছিল। লা ডেসিমা জিতেছি। সৌভাগ্যক্রমে পর্তুগালে অসাধারণ দর্শকের সামনে জিতেছি। আমি খুবই খুশি। দল এ শিরোপার যোগ্য। কারণ দল অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ভালো খেলেছে। অসাধারণ এক রাত গেল। ’
এটা কি ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল? এমন প্রশ্নের উত্তরে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করল পর্তুগিজ জাদুকরের মধ্যে। বললেন, ‘হয়তো হ্যাঁ, হয়তো বা না! আমি সব সময় রিয়ালের হয়ে গোল করার সর্বোচ্চ চেষ্টা করি। হতে পারে সেরা মুহূর্ত। আমরা কোপা ডেল’রে জিতেছি, চ্যাম্পিয়নস লিগ জিতেছি, আমি গোল্ডেন বুট জিতেছি। চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ভেঙেছি। অবশ্য এটি আমার কাছে স্বপ্ন ছিল।’ তবে এমন সাফল্য এমনি এমনি ধরা দেয় না। জানালেন, ‘এ ধরনের শিরোপার জন্য আমরা সারা বছর পরিশ্রম করি। সতীর্থ, সমর্থক, দর্শক সবাইকে নিয়ে খুশি।’ গুরুভক্তিও রোনালদোর কম নয়। কোচ কার্লো আনচেলত্তি সম্পর্কে রিয়াল তারকার মূল্যায়ন, ‘তিনি অসাধারণ কোচ ও অসাধারণ মানুষ।’