তিন দলের হকি লিগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবারের ঘটনা। প্রিমিয়ার হকি লিগে ঊষার কাছে ১৭ গোল হজমের পর সারা রাত ঘুমাতে পারেননি ওয়ারী ক্লাব কর্মকর্তা নাসির হোসেন। খেলোয়াড়েরাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ম্যাচের পর। গড়ে প্রতি চার মিনিটে একটি করে গোল করেছে ঊষা! বাংলাদেশের হকির ইতিহাসে এত বড় হারের রেকর্ড আর আছে কি না হকি অঙ্গনের অনেকেই স্মৃতি হাতড়ে মনে করতে পারলেন না। শুধু ঊষাই নয়, বড় ব্যবধানে জিতে চলেছে আবাহনী, মোহামেডান। এই তিন দলের বিপক্ষে অন্য দলগুলো অসহায় আত্মসমর্পণ করছে। স্বাভাবিকভাবেই ১১ দলের লিগে কোনো উত্তেজনা নেই, নেই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। কাল পর্যন্ত লিগে ২৭ ম্যাচে গোল হয়েছে ১৮৭টি। ম্যাচপ্রতি প্রায় ৭ গোল। পাঁচ ম্যাচে সর্বোচ্চ ৪১ গোল করেছে ঊষা। সমান ম্যাচে ৪০ গোল দিয়ে তাদের পরই আবাহনী। কেন এমন গোলবন্যা? কেনই বা এই একপেশে ম্যাচ? সাবেক হকি খেলোয়াড় এবং নির্বাচক কমিটির সদস্য মামুনুর রশিদ তুলে ধরলেন কয়েকটি কারণ, ‘তিন বছর ধরে লিগ হয় না। এতে অনেক খেলোয়াড়ই ঝরে গেছে। বিকেএসপি ছাড়া বাইরে হকির চর্চা নেই বললেই চলে। ফরিদপুর, আরমানিটোলা, রাজশাহী থেকে আগে প্রচুর খেলোয়াড় উঠে আসত। এখন তা হচ্ছে না। খেলোয়াড় তৈরির পাইপলাইন বন্ধ।’ আগের মৌসুমগুলোয় লিগের চার, পাঁচ নম্বরের দলগুলোও লড়াই করত। কিন্তু এখন সেটা হচ্ছে না। জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়কে দু-তিনটি ক্লাব নিয়ে নেওয়াতেই এটা হয়েছে বলে করছেন মামুনুর, ‘মানসম্মত খেলোয়াড় এখন শুধু আবাহনী, ঊষা বা মোহামেডানে। পরের দলগুলো তেমন মানসম্মত খেলোয়াড়ই নিতে পারছে না। ম্যাচগুলোও তাই একপেশে।’ জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের মধ্যে শুধু আবদুস সাজ্জাদ (জন) ও শামসুল আলম খেলছেন সোনালী ব্যাংকে। এনামুল কবির সাধারণ বীমায়। বাকিদের নিয়ে দল গড়েছে মোহামেডান, আবাহনী ও ঊষা। সঙ্গে যোগ হয়েছে বিদেশিদের দাপট। এ ক্ষেত্রে অনেকেই পুরোনো পুলপ্রথায় ফিরে যাওয়ার পক্ষে। বিদেশি কোটা কমিয়ে দিলে স্থানীয়দের বেশি খেলার সুযোগ করে দিতে বলছেন অনেকে। তবে সবার আগে মাঠে খেলা রাখাটাকেই প্রাধান্য দিচ্ছেন মেরিনার্সের কোচ জাহিদ হোসেন, ‘ফেডারেশনের উচিত লিগ শুরুর আগে ক্লাব কাপ ছাড়াও অন্যান্য টুর্নামেন্ট বেশি বেশি আয়োজন করা।’ লিগটাকে জমজমাট করতে কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, ‘ফুটবল-ক্রিকেটের মতো হকিতেও ভালো ক্লাব আসুক সেটা আমরা চাই। এ জন্য অন্য বড় দলগুলোকে হকিতে আনার চেষ্টাও করছি। কারণ দল বাড়লে খেলার আকর্ষণও বাড়বে।’