দাবা ফেডারেশনে জুয়া খেলা চলছে আগে থেকেই। ফেডারেশন কর্মকর্তাদের চোখের সামনেই দাবার বোর্ডের আড়ালে। এবার আরেকটি কেলেঙ্কারিতে জড়ালেন দাবাড়ুরা। ‘আদম’ পাচারের অভিযোগ উঠেছে ফেডারেশনের রেটেড দাবাড়ু আবদুর রউফ, মনির হোসেন ও আমদাদুল কবিরের বিরুদ্ধে। এই তিনজন মালয়েশিয়ায় আদম পাচার করতে গিয়ে ধরা পড়েছেন গত সপ্তাহে। তারপরই এঁদের বহিষ্কার করেছে ফেডারেশন। কার্যনির্বাহী কমিটির জরুরি সভা ডেকে গত ২০ নভেম্বর তিন দাবাড়ুকে আগামী তিন বছরের জন্য দাবার সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, এই চক্রটি দাবাড়ু নামধারী ছয়জনকে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ৯ লাখ টাকায় চুক্তি করেছিল। মালয়েশিয়ায় পাঠানোর জন্য বিশ্বাসযোগ্যতা অর্জনে ফেডারেশন সাধারণ সম্পাদকের স্বাক্ষরসংবলিত প্যাড ব্যবহার করেন তাঁরা। এর আগে তাঁরা নেপাল ও মালয়েশিয়ায় রেটিং টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন। তখনকার দেওয়া ছাড়পত্র বিদেশ গমনেচ্ছুকদের দেখাতেন তাঁরা। এতেই সবাই রাজি হয়ে তাঁদের টাকা দেন। কিন্তু বিষয়টা জানাজানি হলে নারায়ণগঞ্জ পুলিশ গ্রেপ্তার করে আমদাদুল কবিরকে। ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক বললেন, বিষয়টি দুঃখজনক, ‘ভবিষ্যতে যাতে এমন ঘটনা কেউ না ঘটাতে পারে এ জন্যই আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তির উদ্যোগ নিয়েছি। ঘটনাটা আমাদের জন্য অবশ্যই দুঃখজনক।’