টেস্ট ক্রিকেটে অনিয়মিত জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে অনিয়মিত শেন শিলিংফোর্ডও। সেই অনিয়মিত শিলিংফোর্ডের কাছেই বিধ্বস্ত হলো জিম্বাবুয়ে। ৪৯ রানে ৬ উইকেট, নয় ম্যাচের সংক্ষিপ্ত ক্যারিয়ারের সেরা বোলিংটি কালই করলেন এই অফ স্পিনার। আর তাতেই মাত্র ১০৭ রানেই গুটিয়ে গেল জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। ১২ রানের মামুলি লক্ষ্যটা এরপর মাত্র ১ উইকেট হারিয়েই তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই নিয়ে ড্যারেন স্যামির দল জিতল টানা পাঁচটি টেস্ট। কীর্তিটা ১৯৮৮ সালের পর প্রথম করল একসময়ের পরাক্রমশালী দলটি। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির ২ ওভার পরই শেষ হয়েছে খেলা। অথচ আগের দিন ঠিক লাঞ্চের সময়ও বোঝা যায়নি, শোচনীয় হারই অপেক্ষা করছে জিম্বাবুয়ের জন্য। পরশু স্বাগতিকেরা লাঞ্চে গিয়েছিল ৫ উইকেটে ১৪৪ রান নিয়ে। লাঞ্চ থেকে ফিরেই হারিয়েছিল চন্দরপলকে। এর পরই স্যামির নায়ক বনে যাওয়া। ১৫১ রানে ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তখন চাপের মুখে। জিম্বাবুয়ের ২১১ রান ছুঁতে হলেই করতে হবে আরও ৬০ রান। ওয়েস্ট ইন্ডিজকে অল্পতে গুটিয়ে দেওয়ার লক্ষ্যে জিম্বাবুয়ের বোলাররা তখন উজ্জীবিত। তখনই ব্যাট হাতে নামেন স্যামি। ক্যারিবীয় অধিনায়ক দলকে টেনে তোলার দায়িত্বটা নিজের কাঁধে তুলে তো নিলেনই, জিম্বাবুয়ের বোলারদের আত্মবিশ্বাস ছাতু করতে ব্যাটটাকে বানালেন ‘তলোয়ার’। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে খেললেন ৬৯ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস। সপ্তম উইকেটে রামদিনের (৬৯) সঙ্গে স্যামির ১০৬ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে গেছে ৩০৭ রানে। ৯৬ রানের লিড। স্যামির ঝড়টা বেশি গেছে লেগ স্পিনার গ্রায়েম ক্রেমারের ওপর দিয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলার পথে ক্রেমারের ২৮ বলেই ৪৭ রান নিয়েছেন স্যামি। ছক্কা চারটিও ক্রেমারের বলেই। শেষ ব্যাটসম্যান হিসেবে টিনো বেস্টকে আউট করে জারভিস ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নেন ৫ উইকেট। ৫৪ রানে ৫ উইকেট তাঁর ক্যারিয়ার-সেরা বোলিংও। তথ্যসূত্র, ক্রিকইনফো।