তিন দিনেই জয় উত্তরাঞ্চলের

প্রথম রাউন্ডের দুটি ম্যাচই হয়েছিল ড্র। ব্যাটসম্যানরা সাজিয়েছিলেন সেঞ্চুরির পসরা। এর পরই নড়েচড়ে বসেছিলেন নির্বাচকেরা। উইকেটে কেন বোলারদের জন্য কিছু নেই—এই অভিযোগ তুলে নিদের্শ দেওয়া হয়েছিল বোলারদের জন্য কিছু রাখার। সেই নির্দেশের ফলেই কিনা তিন দিনেই ফল দেখে ফেলল বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ। বিকেএসপির দুই নম্বর মাঠে বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ম্যাচ শেষ হয়ে গেছে কালই। মুশফিকুর রহিমের উত্তরাঞ্চল জিতেছে ৭ উইকেটে। বোনাসসহ এই জয় থেকে উত্তরাঞ্চল পেয়েছে ২০ পয়েন্ট। হারলেও পূর্বাঞ্চল পেয়েছে ৬ পয়েন্ট।
আগের দিনের ৩ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শুরু করা পূর্বাঞ্চল কাল যোগ করতে পেরেছে আর মাত্র ৬০ রান। এই ইনিংসেও পূর্বাঞ্চল শিকার তাইজুল ইসলামের ঘূর্ণি বলের। প্রথম ইনিংসে ক্যারিয়ার-সেরা বোলিং (৭/৭১) করা এই বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫১ রানে ৫ উইকেট, হয়েছেন ম্যাচ-সেরাও। ১২২ রানে ১২ উইকেট, আট ম্যাচের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে প্রথমবারের মতো ১০ উইকেট নেওয়া তাইজুল কাল শেষ ৪ উইকেট নিয়েছেন ৫ ওভারের মধ্যে। বিসিএলের দুই আসর মিলিয়ে আপাতত ম্যাচ-সেরা বোলিং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই ক্রিকেটারেরই।
১৬২ রানের লক্ষ্য উত্তরাঞ্চল পেরিয়ে যায় ৩২ ওভারের মধ্যেই। প্রথম ওভারেই কোনো রান করার আগেই ফিরে গিয়েছিলেন জহুরুল ইসলাম। দ্বিতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিক ও সোহরাওয়ার্দী শুভ মিলে ৬১ রান যোগ করার পর ১ রানের ব্যবধানে আউট হয়ে যান দুজনই। এরপর দলকে আর কোনো বিপদে না ফেলেই জয়ের বন্দরে পৌঁছে দেন নাঈম ইসলাম ও মুশফিকুর রহিম। ৭৩ বলে ১৩ চার ও ১ ছয়ে ৬৯ রান করেছেন নাঈম, ২ চার ও ১ ছয়ে ২৯ রান করে অপরাজিত ছিলেন মুশফিক। উইকেটকিপিং ছেড়ে বোলিংয়ে আসা ধীমান ঘোষকে ছক্কা মেরেই ম্যাচের ইতি টেনেছেন অধিনায়ক।
তিন নম্বর মাঠে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে আজ শেষ দিনে জয়ের জন্য ১৫১ রান দরকার প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের। হাতে উইকেট আছে ৭টি। ৩ উইকেটে ১৫৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা দলটির সামনে লক্ষ্য ৩১০ রানের। আগের দিনের ৫ উইকেটে ৩১৮ রান নিয়ে দিন শুরু করা মধ্যাঞ্চল কাল যোগ করতে পেরেছে মাত্র ৫৬ রান। ১২২ রানে অপরাজিত থাকা মার্শাল আইয়ুব মাত্র ৪ রান যোগ করেই বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের বলে বোল্ড হয়েছেন। ১০৩ রানে ৪ উইকেট নিয়ে রাজ্জাকই দলের সেরা বোলার।
৩১ রানে প্রথম উইকেট হারানো দক্ষিণাঞ্চল দ্বিতীয় উইকেট হারায় ১১৩ রান পর। টেস্ট দল থেকে বাদ পড়া এনামুল হক (৬৭) ও দলে ঢোকা ইমরুল কায়েস (৭৪) গড়েছেন এই জুটি। এনামুলের আউটেই শেষ হয়েছে দিনের খেলা। এর আগে সৌম্য সরকারকে এলবিডব্লু করে প্রথম শ্রেণীর ক্রিকেটে শততম উইকেট পেয়েছেন মাহমুদউল্লাহ।
সংক্ষিপ্ত স্কোর
উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল
পূর্বাঞ্চল: ২৭০ ও ৪৬.৩ ওভারে ১৩৯ (নাফিস ৩৭, মুমিনুল ২৪; তাইজুল ৫/৫১, শুভাশিস ৪/৩৭, ফরহাদ রেজা ১/২৮)। উত্তরাঞ্চল: ২৪৮ ও ৩১.৩ ওভারে ১৬৭/৩ (নাঈম ৬৯*, জুনায়েদ ৩১, মুশফিক ২৯*, সোহরাওয়ার্দী ২২; ধীমান ২/২৩, নাবিল ১/৩৫)।
ফল: উত্তরাঞ্চল ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তাইজুল ইসলাম।
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল
মধ্যাঞ্চল: ১৬৫ ও ৮৭.৪ ওভারে ৩৭৪ (মার্শাল ১২৬, শামসুর ৬৫, মাহমুদউল্লাহ ৪১, রকিবুল ৩১, নুরুল ৩১, শাহরিয়ার ২৭; রাজ্জাক ৪/১০৩, তাইবুর ৩/৩৪, সোহাগ ২/৭৭, রবিউল ১/৩২)। দক্ষিণাঞ্চল: ২৩০ ও ৪৪.২ ওভারে ১৫৯/৩ (ইমরুল ৭৪, এনামুল ৬৭; মাহমুদউল্লাহ ২/৬৪, সানি ১/৩৫)।