তিন দিনেই মেলবোর্ন টেস্ট জয় অস্ট্রেলিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্ন টেস্টে শ্রীলঙ্কাকে রীতিমতো নাজেহাল করে দুই দিন হাতে রেখেই জয় তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ইনিংস ও ২০১ রানের বিশাল ব্যবধানের এই জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটিও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে অসিরা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে লঙ্কানরা। প্রথম ইনিংসে ৩০৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর মাত্র ১০৩ রানেই গুটিয়ে গেছে সফরকারী শ্রীলঙ্কা। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মিচেল জনসন। ৯২ রানের হার না মানা ইনিংস খেলার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে নয়টি উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।আট উইকেটে ৪৪০ রান নিয়ে আজ মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। আজ স্কোরবোর্ডে মাত্র ২০ রান যোগ করেই প্রথম ইনিংস শেষ করেন অসি ব্যাটসম্যানরা। শতকের খুব কাছাকাছি গিয়েও সঙ্গীর অভাবে আফসোস নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গতকালের অপরাজিত ব্যাটসম্যান মিচেল জনসনকে। ৯২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন এই বামহাতি ব্যাটসম্যান। ৩০৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান পেসারদের কাছে নাস্তানাবুদ হয়েছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। পিটার সিডল, মিচেল জনসন ও জ্যাকসন বার্ডের দুর্দান্ত বোলিংয়ে চা-বিরতির আগেই গুটিয়ে যায় লঙ্কান ইনিংস। ২৫ ওভারের মধ্যেই শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয় ১০৩ রানে। ১৭তম ওভারে মিচেল জনসনের বলে হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। প্রসানা জয়াবর্ধনে ও চানাকা ওয়েলেগেদারা ইনজুরির কবলে পড়ে ব্যাট হাতে মাঠেই নামতে পারেননি।আজকের এই জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয়টি নিশ্চিতই করে ফেলেছে অস্ট্রেলিয়া। এখন সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অসিরা নিশ্চয়ই সফরকারীদের হোয়াইটওয়াশ করার মনোভাব নিয়েই মাঠে নামবে। অন্যদিকে সিরিজ হার নিশ্চিত হয়ে গেলেও শ্রীলঙ্কা সর্বোচ্চ চেষ্টা করবে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর। আগামী ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট।