তিন দিনেই শেষ নিউজিল্যান্ড
আবারও ভারনন ফিল্যান্ডারের দুর্নিবার বোলিং। দক্ষিণ আফ্রিকার আরেকটি জয়। কাল হ্যামিল্টনে ক্যারিয়ারের সেরা বোলিং করলেন এই ফাস্ট বোলার। নিউজিল্যান্ডের লোয়ার-অর্ডারকে দুমড়েমুচড়ে দ্বিতীয় ইনিংসে নিলেন ৪৪ রানে ৬ উইকেট। ম্যাচে ১১৪ রানে ১০ উইকেট। দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়ে স্বাগতিকেরা দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দিতে পারল মাত্র ১০১ রানের। ফল মাত্র তিন দিনেই শেষ সিরিজের দ্বিতীয় টেস্ট, সফরকারীরা জিতল ৯ উইকেটে। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ঐতিহাসিক’ কেপটাউন টেস্টেই অভিষেক ফিল্যান্ডারের। ম্যাচে ৮ উইকেট নিয়ে দলকে জেতানোর পথে দ্বিতীয় ইনিংসে পেয়েছিলেন ১৫ রানে ৫ উইকেট। এরপর আরও তিনবার ইনিংসে ৫ উইকেট পেলেও কালই প্রথমবারের মতো ৬ উইকেট নিলেন। মাত্র ছয় টেস্টেই হয়ে গেল ৪৫ উইকেট। ১০ উইকেট পেলেন এই নিয়ে দ্বিতীয়বার।৬৪ রানে ৪ উইকেট নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড আর কোনো উইকেটে না হারিয়েই তুলে ফেলেছিল ৯৯ রান। কেন উইলিয়ামসন ও ড্যানিয়েল ভেট্টোরির জুটি ভাঙতে শেষ পর্যন্ত জ্যাক ক্যালিসের শরণ নিতে হয় গ্রায়েম স্মিথকে। ১৯৩ বলে ৭৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলা উইলিয়ামসন এরপর উইকেটরক্ষক ক্রুগার ফন উইককে নিয়ে যোগ করেন আরও ৪২ রান। মাত্র ১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে হুট করে নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ১৪২। এই ধাক্কা আর সামলে উঠতে না-পারা কিউইরা আর ২৬ রান যোগ করতেই অলআউট।প্রথম ইনিংসে পাওয়া ৬৮ রানের লিডের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১০১ রান। শুরুতেই আলভিরো পিটারসেনকে হারালেও স্মিথ ও আমলা ওভারপ্রতি পাঁচের ওপর রান তুলে ২০ ওভারের মধ্যেই জিতিয়ে দেন দলকে। ওয়েবসাইট।