তিন দিনেই হার ‘এ’ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দিন শেষেই হার উঁকি দিচ্ছিল। কাল তৃতীয় দিনে আর উঁকি-ঝুঁকি নয়, একেবারে হার এসে আলিঙ্গন করেছে মোহাম্মদ আশরাফুলের ‘এ’ দলকে। চার দিনের ম্যাচের তিন দিনেই হার, সেই হারটিও আবার ২৭২ রানের! প্রথম ইনিংসে ১৫৬ রানে অলআউট হওয়া আশরাফুলের দল দ্বিতীয় ইনিংসে অলআউট ১৮৫ রানে।প্রথম ইনিংসে ১৪৫ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগের দিনই ৩ উইকেটে তুলেছিল ১০৫ রান। এর সঙ্গে কাল আরও ২০৭ রান যোগ করে স্বাগতিকেরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৩১২ রান করে। বাঁহাতি স্টিয়ান ফন জিল ১০১ রান করে অপরাজিত থাকেন। সাতে নামা কুন করেন ৮৯ রান। অধিনায়ক আশরাফুল ২৪ ওভার বল করে ১০১ রান দিয়ে নেন ১ উইকেট।৪৫৮ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। ৬৮ রানেই হারায় ৬ উইকেট। সেখান থেকে ১৮৫ পর্যন্ত যেতে পেরেছে নাদিফ চৌধুরী এক প্রান্ত আগলে রেখেছিলেন বলে। নাসিরের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ৫১, অষ্টম উইকেটে সৈয়দ রাসেলের সঙ্গে ২৯ ও দশম উইকেটে রবিউলের সঙ্গে নাদিফ গড়েন ৩৬ রানের জুটি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭০ রানে। প্রথম ইনিংসে ১৪ রান করা অধিনায়ক আশরাফুল করেছেন ৪, প্রথম ইনিংসে শূন্য রান করা জুনায়েদ করেন ১৬। এ ছাড়া নাজিমউদ্দিন ১৬, শামসুর ৭, মেহরাব জুনিয়র ০, সগীর ৫, সৈয়দ রাসেল ২০ ও রবিউল ১৬ রান করেন। ডানহাতি পেসার ক্রেইগ আলেক্সান্ডার নিয়েছেন ৫ উইকেট।