তিন দিনেই হারল 'এ' দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডওয়ার্ড পার্কে উড়েই গেল বাংলাদেশ ‘এ’ দল। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম চার দিনের ম্যাচে সাগিকর হাইপারফরম্যান্স সেন্টারের কাছে তিন দিনের মধ্যেই ৩৫১ রানে হেরেছে সফরকারীরা । জিততে হলে ‘এ’ দলকে করতে হতো ৫০৪ রান। নিরাপদে হেঁটে ম্যাচ ড্র করতে ব্যাট করতে হতো চার সেশনেরও বেশি। কিন্তু পরশু দ্বিতীয় ইনিংসে নাসিররা টিকতে পারলেন না দেড় সেশনও। প্রথম ইনিংসে ১৪০ রান করা দলটি টিকল মাত্র ৩৮.২ ওভার। করতে পারল ১৫২ রান।
প্রতিরোধ গড়তে পারেননি কোনো ব্যাটসম্যানই। সর্বোচ্চ ৩৩ রান ওপেনার শামসুর রহমানের। ৩ চার ও ২ ছয়ে সাজানো তাঁর ৪৯ বলের ইনিংসটি মোটেই চার দিনের ক্রিকেটের সঙ্গে যায় না। মোটামুটি ভালো ভিত্তি গড়েও অল্পতেই আউট হয়েছেন মার্শাল আইয়ুব (১৮), মুমিনুল হক (২২), নুরুল হাসান (২৩) ও মুক্তার আলীরা (২০)। অধিনায়ক নাসির ৩ রান করলেও অভিজ্ঞ নাঈম ফিরেছেন কোনো রান না করেই। পুরো ইনিংসে বলার মতো জুটি মাত্র একটিই—তৃতীয় উইকেটে শামসুর-মুমিনুলের ৪৯ রান। ‘এ’ দলের দুর্দশাটা আরও বেড়েছে ফিল্ডিংয়ের সময় পেসার শুভাশিস রায় ডান কাঁধে চোট পাওয়ায়।
হাইপারফরম্যান্স দলের ডানহাতি পেসার মিগুয়েল কামিন্স ৪০ রানে ৪ উইকেট নিয়েছেন। লেগস্পিনার দেবেন্দ্র বিশু নিয়েছেন ৩ উইকেট। ২ জুন একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচ টেস্ট ভেন্যু কেনসিংটন ওভালে।