তিন দিনের প্রস্তুতিও খারাপ কী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার হাম্বানটোটায় প্রথম দক্ষিণ এশিয়ান বিচ গেমস ৮-১৪ অক্টোবর। ফুটবল ৯-১০ তারিখ। এই প্রথম বিচ ফুটবলে খেলার জন্য অন্তত কিছু প্রস্তুতি তো চাই। অনেক টানাপোড়েনের পর কাল রাতে বাংলাদেশ দলকে কক্সবাজারে পাঠানো হয়েছে প্রস্তুতির জন্য। ২ অক্টোবর পর্যন্ত তিন দিন সৈকতে অনুশীলন করে দল ফিরবে ঢাকায়।ইনজুরি মুক্তির জন্য ভারতে যাওয়া গোলরক্ষক জিয়ার জায়গায় দলে নেওয়া হয়েছে নেহালকে। কাল অনুশীলন ম্যাচে মামুনুলকে দেখে কোচ নিকোলা ইলিয়েভস্কি তাঁকে যেতে দেননি কক্সবাজারে। জাতীয় দলের এই মিডফিল্ডারের হালকা চোট আছে হাঁটুতে। বাকি ১৩ খেলোয়াড় গিয়েছেন কক্সবাজারে।শ্রীলঙ্কার এই গেমসে বিচ ফুটবলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরা সিলভার সঙ্গে ফোনে যোগাযোগ করে বাফুফে জানতে পেরেছে, গতকাল পর্যন্ত বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও স্বাগতিক শ্রীলঙ্কা নিবন্ধন করেছে বিচ ফুটবলে। পাঁচটির বেশি দল হলে দুই গ্রুপ হবে। চার দল থাকলে খেলা হবে লিগ ভিত্তিতে। শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে।এই প্রতিযোগিতায় দল পাঠানোর উদ্যোগ নিয়ে ভালোই সমস্যায় পড়েছে বাফুফে। কক্সবাজারে ক্যাম্প করতে টাকার প্রয়োজন, টাকা দেওয়ার কথা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। কিন্তু বিওএ সরকারের কাছ থেকে টাকা না পাওয়ায় দিতে পারছে না। শেষমেশ বাফুফের দায়িত্বপ্রাপ্ত কর্তারা নিজেরা টাকা জোগাড় করে কক্সবাজারে পাঠিয়েছেন বিপ্লব, সুজন, নাসির, রেজাউলদের।